রাজশাহীতে পুলিশে পুলিশে মারামারি
আসামি ধরাকে কেন্দ্র করে রাজশাহী নগরের দুইটি থানার দুজন পুলিশ সদস্যের মধ্যে গত বৃহস্পতিবার রাতে মারামারির ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাঁদের একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি জানাজানি হলে সকালে আহত পুলিশ সদস্য হাসপাতাল থেকে পালিয়ে আসেন।
রাজশাহী মহানগর পুলিশের একটি সূত্র জানায়, নগরের বোয়ালিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ মজনু বৃহস্পতিবার রাতে নগরের তেরখাদিয়া এলাকায় মনিরুল ইসলাম নামের একজন আসামিকে ধরতে যান। এ সময় মনিরুল দাবি করেন, তিনি আদালত থেকে জামিন নিয়েছেন। কিন্তু থানায় ‘রিকল’ জমা দেওয়া হয়নি। তিনি তাঁকে গ্রেপ্তার না করার অনুরোধ করেন। কিন্তু পুলিশ তাঁকে ধরলে মনিরুলের বাড়ির লোকজন পাশের বাসার বাসিন্দা নগরের শাহ্ মখদুম থানার পুলিশ কনস্টেবল উজির উদ্দিনকে (নম্বর ২১১) ডেকে আনেন। উজিরের সঙ্গে তাঁর স্ত্রীও আসেন। তাঁরা জানতে চান মনিরুলকে কেন ধরে নিয়ে যাওয়া হচ্ছে। তার গ্রেপ্তারি পরোয়ানা থাকলে দেখতে চান। এতে ক্ষিপ্ত হয়ে এএসআই মজনু উজিরের স্ত্রীকে মারতে উদ্যত হন। এ সময় উজির বাধা দিতে এলে মজনুর সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে এএসআই মজনুর ঘুষিতে কনস্টেবল উজির উদ্দিনের নাক ফেটে যায়। তারপর মজনু মনিরুল ইসলামকে ধরে নিয়ে আসেন। তাঁকে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ভোর চারটার দিকে কনস্টেবল উজির উদ্দিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে (নাক কান গলা বিভাগে) ভর্তি করা হয়। পরে বিষয়টি জানাজানি হলে কনস্টেবল উজিরকে হাসপাতাল ছেড়ে আসার জন্য চাপ দেওয়া হয়। সকাল সাতটার দিকে উজির উদ্দিন হাসপাতাল থেকে ছুটি না নিয়েই পালিয়ে আসেন।
মুঠোফোনে যোগাযোগ করা হলে উজির উদ্দিন বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি।
জানতে চাইলে এএসআই মজনু বলেন, মনিরুল ইসলাম নারী নির্যাতন মামলার আসামি। তার জামিন নেওয়া থাকলে তো থানায় রিকল জমা দিতেন। তিনি বলেন, মনিরুলকে ধরে নিয়ে বাসা থেকে বের হয়ে আসার সময় উজির উদ্দিন তাঁকে পেছন থেকে জাপটে ধরেন। এ সময় তিনি নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে হাতকড়ার আঘাতে তিনি কিছুটা আহত হন। পরে তিনি তাঁর পরিচয় দিয়েছেন। মজনু বলেন, আগেই যদি উজির উদ্দিন নিজের পরিচয় দিয়ে কথা বলতেন, তাহলে এই ভুল বোঝাবুঝি হতো না। এটা তেমন কিছু নয়। উজির পরে তাঁর ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে বারবার তাঁকে ফোনে ‘সরি’ বলেছেন। উজিরের স্ত্রীকে মারতে যাওয়ার ঘটনা তিনি অস্বীকার করেন।
শাহ্ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রউফের মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনটি অন্য একজন পুলিশ সদস্য ধরেন। তিনি পরিচয় না দিয়ে বলেন, তিনি সন্ধ্যা থেকে দায়িত্বে রয়েছেন। তিনি এ বিষয়ে কিছু বলতে পারবেন না।