রাজশাহীতে পুলিশের ওপর জামায়াতের হামলা, আটক ১৫
রাজশাহী নগরের হেতেমখাঁ মোড়ে ছোট মসজিদে আজ বুধবার দুপুরে মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাজা পড়েছেন জামায়াত-শিবিরের নেতা কর্মীরা। সেখান থেকে ফেরার সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। এ সময় পুলিশ শটগান থেকে গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ অন্তত ১৫ আটক করেছে।
পুলিশের ওপর জামায়াতের হামলা প্রসঙ্গে নগর পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, বিনা উসকানিতে তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকলে পুলিশ শটগান থেকে গুলি করেছে। এ সময় তাদের মধ্যে থেকে প্রায় ১৫জনকে আটক করা হয়েছে। এদের জিজ্ঞাসাবাদ করে যাচাই বাছাই করা হচ্ছে।
একাত্তরের ভয়ংকর খুনে বাহিনী আলবদরের নেতা ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসি কার্যকর হয়। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে এটি ফাঁসি কার্যকরের পঞ্চম ঘটনা।
এদিকে গতকাল মঙ্গলবার রাতে রাজশাহী মহানগর জামায়াতের আমির ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল হাশেমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত (ওসি) হুমায়ুন কবীর জানান, মহানগর জামায়াতের আমির আবুল হাশেমের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা এবং নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। বিভিন্ন সময় সংঘটিত নাশকতার সঙ্গে তিনি জড়িত। গতকাল রাতে পুলিশ নগরের মির্জাপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।