রাজশাহীতে পুলিশের ওপর শিবিরের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরে আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশের ওপর হামলা চালিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা। তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়ে ও পটকা ফুটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। পুলিশ পাল্টা রাবার বুলেট ছুড়লে শিবিরের কর্মীরা পালিয়ে যান।

তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

প্রত্যক্ষদর্শী দু্জন বলেন, বেলা দুইটার দিকে নগরের বেলদারপাড়ার এলাকা থেকে শতাধিক শিবির কর্মী ‘সাঈদী হলো রাজাকার, তিনি আমাদের অহংকার’—স্লোগান দিয়ে সাগরপাড়ার দিকে আসেন। এ সময় তাঁরা গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। পুলিশ বাধা দিতে গেলে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়েন। হইচই শুনে এলাকাবাসী রাস্তায় বেরিয়ে এলে তাঁদের দিকেও ইট ছোড়েন শিবিরের কর্মীরা। শিবিরের কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক দফা রাবারের গুলি ছুড়লে তাঁরা পালিয়ে যান।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নগরের বোয়ালিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) খাইরুল ইসলাম। তিনি জানান, সাগরপাড়া এলাকায় শিবিরের শতাধিক কর্মী হঠাৎ করে পুলিশের সদস্যদের লক্ষ্য করে ইট ছোড়ে ও আতঙ্ক সৃষ্টি করতে পটকা ফোটায়।
তবে এ ঘটনায় চেষ্টা করেও শিবিরের বক্তব্য পাওয়া যায়নি।