রাজশাহীতে পুলিশের ওপর হঠাৎ শিবিরের হামলা

রাজশাহীতে পুলিশের ওপর হঠাৎ হামলা চালিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের সাগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, শিবিরের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। এ সময় পটকা ফুটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন তাঁরা। পরে পুলিশ শিবির কর্মীদের লক্ষ্য করে কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বেলা দুইটার দিকে নগরের বেলদারপাড়া এলাকা থেকে শতাধিক শিবির কর্মী ‘সাঈদী হলো রাজাকার, তিনি আমাদের অহংকার’, স্লোগান দিতে দিতে সাগরপাড়ার দিকে আসেন। এ সময় তাঁরা গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করেন। বাধা দিতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকেন। হইচই শুনে এলাকাবাসী রাস্তায় বেরিয়ে এলে শিবির কর্মীরা পটকা ফোটান। শিবির কর্মীদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে পুলিশ। পরে শিবির কর্মীরা পালিয়ে যান।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নগরের বোয়ালিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) খাইরুল ইসলাম। তিনি বলেন, সাগরপাড়া এলাকায় শতাধিক শিবির কর্মী হঠাৎ করে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট ছোড়েন। তাঁরা আতঙ্ক সৃষ্টি করতে পটকা ফোটান।