রাজশাহীতে পুলিশের গুলিতে আহত সন্দেহভাজন মাদক ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে পুলিশের গুলিতে আহত সন্দেহভাজন এক মাদক ব্যবসায়ী মারা গেছেন। গুলিতে আহত হওয়ার পাঁচ দিন পর আজ বুধবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়।

মারা যাওয়া ব্যক্তির নাম আবদুল মালেক (৩৫)। তিনি জেলার চারঘাট উপজেলার মুক্তারপুর দফাদারপাড়া গ্রামের মিনসার আলীর ছেলে। গত শুক্রবার দিবাগত রাতে তিনি আহত হয়েছিলেন। আজ ভোর রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাসপাতালের ওয়ার্ডমাস্টার মোশাররফ হোসেন জানিয়েছেন, হাসপাতালের কাগজপত্রে আবদুল মালেকের মৃত্যুর কারণ হিসেবে ‘গান শট’ লেখা রয়েছে।

জেলা ডিবি পুলিশের পরিদর্শক খালিদ হোসেন বলেন, গত শুক্রবার দিবাগত রাতে ফেনসিডিল চোরাচালানের খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল চারঘাটের মুক্তারপুর এলাকায় অভিযানে যায়। তখন মালেকসহ কয়েকজন মাদক ব্যবসায়ী রামদা নিয়ে পুলিশকে আক্রমণ করেন। আত্মরক্ষায় পুলিশ গুলি করলে মালেক গুলিবিদ্ধ হন। আহত মালেককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোররাতে তিনি মারা যান।

পুলিশের পরিদর্শক দাবি করেন, মালেক ১১টি মামলার আসামি ছিলেন। অভিযানের সময় ঘটনাস্থল থেকে ১২০ বোতল ফেনসিডিল ও তিনটি রামদা উদ্ধার করা হয়েছিল। পরে মালেকের বিরুদ্ধে আরও দুটি মামলা করা হয়। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশের হেফাজতেই তাঁর চিকিৎসা চলছিল।

তিনি জানান, ময়নাতদন্ত শেষে মালেকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।