রাজশাহীতে পুলিশের গুলিতে আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের কাশিয়াডাঙা মোড়ে পুলিশের ছোড়া শটগানের গুলিতে তিন যুবক আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, চেকপোস্টে পরীক্ষা করার সময় যুবকেরা অস্ত্র বের করার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

গুলিবিদ্ধ তিন যুবক হলেন, রাজশাহী নগরের কাজীহাটা এলাকার পারভেজ (২৬), রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শুভ (২০) ও নর্দান ইউনিভার্সিটির বিবিএ’র শিক্ষার্থী তুষার (২২)। তাঁদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর ছাত্রলীগের কয়েকজন নেতা হাসপাতালে ওই তিনজনকে দেখতে যান। তবে তাঁরা ছাত্রলীগ করেন কি না এমন প্রশ্নের জবাবে রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ বলেন, ‘রাজশাহী কলেজের ছাত্র শুভ আমাদের কর্মসূচিতে মাঝে মাঝে আসত। তবে তিনি ছাত্রলীগের কেউ নন। বাকি দুজনও ছাত্রলীগের কেউ না, কোনো পদেও নেই।’

মহানগর পুলিশের মুখপাত্র ও মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) ইফতেখায়ের আলমের ভাষ্য, রাজশাহী নগরের কাশিয়াডাঙা মোড়ে চেকপোস্টে পুলিশ পরীক্ষা করার সময় মোটরসাইকেল আরোহী তিন যুবক ব্যাগ থেকে অস্ত্র বের করার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁরা পালিয়ে গিয়ে দুর্ঘটনার কথা বলে হাসপাতালে ভর্তি হয়। পরে পুলিশ খোঁজ নিয়ে জানতে পারেন কাশিয়াডাঙ্গা মোড়ের ওই তিন যুবক মিথ্যা তথ্য দিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গুলিবিদ্ধ তিনজন ছাত্রলীগ করেন কি না জানতে চাইলে এসি ইফতেখায়ের আলম বলেন, ‘তাঁরা ছাত্রলীগ কি না তা জানি না।’ এ ব্যাপারে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ওই তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।