রাজশাহীতে পুলিশের গুলিতে আফজাল হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। নগরের মতিহার থানার সাতবাড়িয়া এলাকায় গত রোববার রাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
এদিকে বগুড়া শহরের মালগ্রাম এলাকায় রোববার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’র পর গুলিবিদ্ধ এক তরুণসহ দুজনকে আটক করা হয়। পুলিশের ভাষ্য, গুলিবিদ্ধ তরুণ চিহ্নিত সন্ত্রাসী। তবে পরিবারের অভিযোগ, তাঁকে বাসা থেকে ধরে নিয়ে গুলি করেছে পুলিশ।
রাজশাহী মহানগর পুলিশের মতিহার জোনের সহকারী কমিশনার সুশান্ত চন্দ্র রায় বলেন, রোববার রাত দেড়টার দিকে সাতবাড়িয়ার বাসিন্দা আফজালের বাড়ি ঘেরাও করে পুলিশ। এ সময় ভেতর থেকে এক নারী কথা বললে পুলিশের এক নারী সদস্য এগিয়ে যান। তখনই দরজা খুলে হাঁসুয়া নিয়ে পুলিশ সদস্যদের কোপাতে থাকেন আফজাল। তাঁর (সুশান্ত) ডান হাতের কবজিতে কোপ লাগে এবং এক নারী পুলিশ সদস্যের আঙুল কেটে যায়। অন্য দুই কনস্টেবলের একজনের বাহুতে ও অন্যজনের হাতে জখম হয়। আত্মরক্ষার্থে পুলিশের এক সদস্য গুলি চালান। আফজাল গুলিবিদ্ধ হওয়ার পর তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মতিহার থানার ওসি হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, আফজাল মাদক ব্যবসায়ী ছিলেন। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।
বগুড়া শহরে স্টেডিয়াম ফাঁড়ির উপপরিদর্শক আল মামুন বলেন, রোববার রাতে মালগ্রাম উত্তরপাড়া এলাকার একটি পোলট্রি ফার্মের কাছে দুই যুবক ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছেন বলে খবর পায় পুলিশ। সেখানে অভিযানে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় পালাতে গিয়ে রাব্বি হাসান (২৮) নামের একজন পায়ে গুলিবিদ্ধ হন। পরে তাঁকে ও তাঁর সহযোগী আলমগীর হোসেনকে (২৬) আটক করা হয়। রাব্বির কাছ থেকে তিনটি গুলিসহ একটি রিভলবার উদ্ধার করা হয়। তাঁদের দুজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আছলাম আলী বলেন, রাব্বির বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও ছিনতাইসহ নানা অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।
তবে রাব্বির বাবা শহরের ঠনঠনিয়া নতুনপাড়ার বাসিন্দা আবদুল মজিদের অভিযোগ, তাঁর ছেলেকে বাসা থেকে ধরে নিয়ে গিয়ে পুলিশ পায়ে গুলি করে ছিনতাইয়ের গল্প ফাঁদছে। তিনি প্রথম আলোকে বলেন, স্টেডিয়াম ফাঁড়ি পুলিশ রাব্বিকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। কিন্তু ছেলে ‘মাদকাসক্ত’ হওয়ায় তিনি ছাড়াতে যাননি। গতকাল সকালে খবর পান রাব্বিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।