রাজশাহীতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' গুলিবিদ্ধ ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুল মতিন (৩০) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের বলিয়াডাইং গ্রামের বাসিন্দা। পুলিশ বলছে, তিনি মাদক ব্যবসায়ী।

গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে বলিয়াডাইং গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ২০০ গ্রাম হেরোইন ও তিনটি হাঁসুয়া জব্দ করেছে পুলিশ। তবে মাদক ব্যবসায়ীদের আগ্নেয়াস্ত্র উদ্ধার করা যায়নি।

জেলা পুলিশের মুখপাত্র জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবদুর রাজ্জাক খান বলেন, এ ঘটনায় তিন পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তিনি বলেন, রাতে গোদাগাড়ী থানা-পুলিশের একটি দল বলিয়াডাইং গ্রামে মাদকবিরোধী অভিযানে যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে মতিনের পায়ে গুলি লাগে। অন্যরা পালিয়ে যায়। আহত মতিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, মতিনের বিরুদ্ধে থানায় ১০টি মাদকের মামলা আছে। পুলিশকে আক্রমণ ও হেরোইন উদ্ধারের ঘটনায় তাঁর বিরুদ্ধে আরও দুটি মামলা করা হয়েছে। এগুলোতে তাঁকে গ্রেপ্তারও দেখানো হয়েছে। বর্তমানে পুলিশের হেফাজতে তাঁর চিকিৎসা চলছে।