রাজশাহীতে পেট্রলবোমায় দগ্ধ ২
রাজশাহীর চারঘাটে আজ রোববার রাতে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় একটি ট্রাকের চালক ও তাঁর সহকারী দগ্ধ হয়েছেন।
দগ্ধ ব্যক্তিরা হলেন ট্রাকের চালক ষষ্ঠী চন্দ্র দাস (৪৫) ও সাহাবুর রহমান (৩৩)। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, রাজশাহী চিনিকলের উপজাতদ্রব্য (গাদ) নিয়ে চারঘাটের মুংলী গ্রামের একটি ইটভাটায় গিয়েছিলেন ষষ্ঠী চন্দ্র দাস। সেখান থেকে খালি গাড়ি নিয়ে ফিরছিলেন তিনি। রাত সাড়ে আটটার দিকে উপজেলার হেমন্তের মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা গাড়ি লক্ষ্য করে পেট্রলবোমা মারে। একটি বোমা চালকের পাশের জানালা দিয়ে ভেতরে বিস্ফোরিত হলে চালক ও সহকারী দগ্ধ হন। স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন ও তাঁদের দুজনকে উদ্ধার করেন। আগুনে চালক ও সহকারীর শরীর ঝলসে যায়। ট্রাকের সামনের অংশ পুড়ে যায়।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার গোলাম মোর্ত্তুজা বলেন, দগ্ধ ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে দুর্বৃত্তদের ধরা যায়নি। তাদের ধরতে অভিযান চালানো হবে।