রাজশাহীতে বাসে ককটেল হামলা, আহত ২
বিএনপি জোটের হরতাল-অবরোধে রাজশাহীর চারঘাটে আজ বৃহস্পতিবার রাতে যাত্রীবাহী একটি বাসে ককটেল হামলা হয়েছে। এতে দুই যাত্রী আহত হয়েছেন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
আহত দুই যাত্রী হলেন শামসুল আলম ও আবু বক্কর সিদ্দিকী। তাঁদের বাড়ি চারঘাট উপজেলার অনুপমপুর গ্রামে। এ ঘটনায় আটক ব্যক্তির নাম আবদুল খালেক। তাঁর বাড়ি উপজেলার মুক্তারপুর গ্রামে।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, রাজশাহী থেকে বাঘাগামী যাত্রীবাহী একটি বাস চারঘাট উপজেলার খুদিরবটতলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা ককটেল ছোড়ে। এ সময় একটি ককটেল বাসের খোলা জানালা দিয়ে ভেতরে গিয়ে পড়ে।
ককটেলের স্প্লিন্টারে দুই যাত্রী আহত হন। তাঁদের প্রথমে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে আবদুল খালেক নামের এক ব্যক্তিকে আটক করেছে।