রাজশাহীতে বিকাশকর্মীকে গুলি করে টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর মতিহার থানার কাপাসিয়া এলাকায় দুই বিকাশকর্মীকে গুলি করে টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

আহত ব্যক্তিরা হলেন রবিউল ইসলাম ও মমিনুল ইসলাম। আহত রবিউল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। কত টাকা খোয়া গেছে, এখনো তা জানা যায়নি।

আহত বিকাশকর্মী মমিনুল ইসলামের ভাষ্য, আজ বুধবার দুপুর ১২টার কিছু আগে রাজশাহী থেকে টাকা নিয়ে মোটরসাইকেলযোগে চারঘাট উপজেলায় যাচ্ছিলেন তাঁরা। পথে অপর আরেকটি মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাঁদের লক্ষ্য করে পাঁচটি গুলি ছোড়ে এবং সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে পথচারীরা তাঁদের রাজশাহী মেডিকেলে নিয়ে আসেন।
মেডিকেল পুলিশ বক্সের সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিক ইসলাম জানান, রবিউল ইসলামের বুক ও পাঁজরে চারটি গুলি লেগেছে। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পাঁচ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাঁর অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। মমিনুলের পায়ে একটি গুলি লাগে। তাঁকে ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত রবিউলের বাড়ি রাজশাহী জেলার কাজলা এলাকায়। মমিনুলের বাড়ি একই জেলার খড়খড়ি এলাকায়।