রাজশাহীতে বিদেশি ছাত্রীর লাশ উদ্ধার

রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের মহিলা হোস্টেল থেকে এক বিদেশি শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। রাউধা আথিফ (২১) নামের মালদ্বীপের ওই শিক্ষার্থী হোস্টেলের কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
গতকাল বুধবার সকালে হোস্টেলের দ্বিতীয় তলায় বিদেশি শিক্ষার্থীদের ব্লকের ২০৯ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাউধা ওই কক্ষে একাই থাকতেন। পড়াশোনার পাশাপাশি রাউধা দক্ষিণ এশিয়ার একজন উদীয়মান মডেল হিসেবে পরিচিত। ঘটনার পর রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মহিলা হোস্টেলের দায়িত্বে ছিলেন লায়লা আক্তার। তিনি প্রথম আলোকে বলেন, প্রতিদিনের মতো রাতে খেয়ে সবাই যে যার কক্ষে ঘুমিয়ে ছিলেন। সকালে উঠে অন্য শিক্ষার্থীরা ক্লাসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। সকাল প্রায় সাড়ে নয়টার দিকে রাউধা বের না হওয়ায় অন্য শিক্ষার্থীরা তাঁর কক্ষে গিয়ে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে তাঁরা জানালা দিয়ে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান।
ঘটনাস্থল পরিদর্শন শেষে মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিছানার ওপর চেয়ার রেখে তার ওপর বালিশ দিয়ে ফ্যানের সঙ্গে ওড়না বেঁধে রাউধা আত্মহত্যা করেন বলে এখানকার মেয়েরা জানিয়েছেন। ঝুলন্ত দেহ দেখার পর ছাত্রীরা তা বিছানার ওপর নামিয়ে ফেলেন। গলায় ওড়না প্যাঁচানোর চিহ্ন পাওয়া গেছে। লাশের ময়নাতদন্ত হবে। ময়নাতদন্ত ও পরীক্ষা-নিরীক্ষা শেষে বোঝা যাবে তিনি কীভাবে মারা গেছে।
পুলিশ কমিশনার আরও বলেন, ‘যদি সে আত্মহত্যা করে থাকে, তবে কেন করেছে আমরা সেটি খুঁজে বের করার চেষ্টা করব। এখানে বসবাসকারী মালদ্বীপের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, রাউধা হতাশায় ভুগছিলেন। হতাশাটা কী কারণে তা আমরা খুঁজে বের করব।’
হোস্টেলের দায়িত্বপ্রাপ্ত লায়লা আক্তার বলেন, মহিলা হোস্টেলের দ্বিতীয় তলায় ছয়টি কক্ষ বিদেশি শিক্ষার্থীদের ব্লক হিসেবে ব্যবহৃত হয়। দুটি কক্ষে একজন করে এবং বাকি কক্ষে দুজন করে শিক্ষার্থী থাকেন। রাউধা তাঁর কক্ষে একাই থাকতেন।
রাউধা আথিফ চিকিৎসক হওয়ার জন্য পড়াশোনা করলেও তিনি মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। বিখ্যাত সাময়িকী ভোগ ইন্ডিয়া ২০১৬ সালের অক্টোবরে তাদের নবম প্রতিষ্ঠাবার্ষিকীর সংখ্যায় এশিয়ার বিভিন্ন দেশের মডেলদের নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন করে। তাতে স্থান পেয়েছিলেন মালদ্বীপের নীলনয়না এই মডেল।
মেডিকেল কলেজে ভর্তির আবেদন ফরমে রাউধার দেওয়া তথ্য থেকে জানা গেছে, মালদ্বীপের মালেতে তাঁর বাড়ি। তাঁর বাবার নাম মোহাম্মদ আথিফ। তিনি পেশায় একজন চিকিৎসক। মা আমিনাথ মুহারমিমাথ একজন মানবসম্পদ কর্মকর্তা।
ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের সেক্রেটারি আবদুল আজিজ রিয়াদ প্রথম আলোকে বলেন, ‘আমরা তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। কাল (আজ বৃহস্পতিবার) তাঁদের রাজশাহীতে পৌঁছার কথা আছে।’