রাজশাহীতে বিদেশি মেডিকেল শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের মহিলা হোস্টেল থেকে এক বিদেশি শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম রাউধা আথিফ (২১)। মালদ্বীপের এই শিক্ষার্থী হোস্টেল কক্ষের ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
আজ বুধবার সকালে হোস্টেলের দ্বিতীয় তলায় বিদেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ব্লকে এ ঘটনা ঘটে। কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাউধা ওই কক্ষে একাই থাকতেন।
মহিলা হোস্টেলের ইনচার্জ লায়লা আক্তার প্রথম আলোকে বলেন, ‘প্রতিদিনের মতো রাতে খেয়ে সবাই যে যার কক্ষে ঘুমিয়ে ছিলেন। সকালে উঠে অন্য শিক্ষার্থীরা ক্লাসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। সকাল সাড়ে নয়টার দিকে রাউধা বের না হওয়ায় অন্য শিক্ষার্থীরা তাঁর কক্ষে গিয়ে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে তাঁরা জানালা দিয়ে দেখতে পান তিনি আত্মহত্যা করেছেন।’
ঘটনাস্থল পরিদর্শন শেষে মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছি। সিআইডি, পিবিআইসহ বিভিন্ন সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্ত শেষে আমরা মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হব।’
কলেজ কর্তৃপক্ষকে তাঁর পরিবার এবং দূতাবাসের সঙ্গে যোগাযোগের জন্য বলা হয়েছে বলেও জানান পুলিশ কমিশনার।