রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ছাত্রীকে কোপানোর মামলায় তরুণী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজশাহীতে এক বিশ্ববিদ্যালয়ছাত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী ফারজানা তাসনিম সিমরান (২০) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রিবিজনেস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি নগরের বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকার বাসিন্দা।

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা গতকাল শনিবার রাতে বোয়ালিয়া থানায় একটি মামলা করেছেন। ফারজানা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

গ্রেপ্তার ঝর্ণা বেগম (২৪) বোয়ালিয়া থানার টিকাপাড়া মিরেরচক এলাকার বাসিন্দা। তাঁর মা জরিনা বেগম ছাত্রীর বাড়ির গৃহকর্মী।

পুলিশ জানিয়েছে, ঝর্ণা গতকাল শনিবার দুপুরে ফারজানাদের বাড়িতে যান। এ সময় ফারজানা তাঁর বান্ধবীর সঙ্গে দেখা করতে বাড়ির দরজা খুলে বের হচ্ছিলেন। ঝর্ণা হঠাৎ ফারজানার মাথার চুল ধরে জোরে টান দিয়ে একটি বঁটি দিয়ে বুকের বাঁ পাশে সজোরে আঘাত করেন। ফারজানার চিৎকারে ঝর্ণা পালানোর চেষ্টা করলে স্থানীয় ব্যক্তিরা তাঁকে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তাঁর ভ্যানিটি ব্যাগ থেকে বঁটি ও ধারালো চাপাতি উদ্ধার করা হয়।

নগরের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন বলেন, কী কারণে ঝর্ণা এ ঘটনা ঘটিয়েছেন, তা জানা যায়নি। ঝর্ণাকে আজ রোববার আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে।