রাজশাহীতে ব্যবসায়ীকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগে আটক ৪
রাজশাহীতে এক ব্যবসায়ীকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগে চারজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরের ডিঙ্গাডোবা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক ও জিম্মিদশা থেকে ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে। গতকাল বিকেল পাঁচটায় র্যাব-৫-এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
আটক ব্যক্তিরা হলেন ডিঙ্গাডোবা এলাকার মোছা. শোভা খাতুন (২৩), তাঁর সহযোগী নগরের ভদ্রা এলাকার মো. জাহিদ (৩০), শিরোইল এলাকার আকবর আলী (১৮) ও মো. ডলার (১৯)। উদ্ধার হওয়া ব্যবসায়ী আবদুর রহিম (৩৩) গোদাগাড়ী উপজেলার কাশিমপুর গ্রামের লোকমান আলীর ছেলে।
সংবাদ সম্মেলনে র্যাব-৫-এর স্কোয়াড্রন লিডার কে বি এম মোবাশ্বের রহিম বলেন, আবদুর রহিমের সঙ্গে শোভা খাতুনের মোবাইলে পরিচয় হয়। এরপর প্রেমের সম্পর্ক তৈরি করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে রহিমকে গত শনিবার নিজ বাসায় ডেকে নিয়ে আসেন শোভা খাতুন। সেখানে আগে থেকেই অবস্থান করা জাহিদ, আকবর ও ডলার ওই ব্যবসায়ীকে জোরপূর্বক আটকে রাখেন এবং নানা ভয়ভীতি দেখিয়ে শোভা খাতুনের সঙ্গে অশ্লীল ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করেন। এরপর ওই চক্র ভিকটিমের মোবাইল থেকে তাঁর স্ত্রী ও ভাইয়ের কাছে ফোন করে ১ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। না দিলে ভিকটিমকে প্রাণনাশের হুমকিসহ ওই ভিডিও ইন্টারনেটে প্রকাশ করার হুমকি দেয়।
মোবাশ্বের রহিম বলেন, ভুক্তভোগীর পরিবারের অভিযোগ পেয়ে র্যাব-৫-এর রেলওয়ে কলোনি ক্যাম্পের একটি অপারেশন দল অভিযান পরিচালনা করে তাঁকে উদ্ধার করে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।