রাজশাহীতে ভুয়া কোম্পানির প্রতারণার শিকার মানুষ
প্রতিষ্ঠানের নামের সঙ্গে ‘সিকদার ট্রেড অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি’ যুক্ত থাকলেও তাদের যৌথ মূলধিন কোম্পানির কোনো নিবন্ধন নেই। চাকরির প্রলোভন দেখিয়ে এই প্রতিষ্ঠানটি রাজশাহীতে দিনের পর দিন মানুষের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে জনরোষের শিকার হয়ে আট মাসে দুবার ঠিকানা বদল করতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির পুরো নাম ‘সিকদার ট্রেডার্স অ্যান্ড সিকদার ঔষধালয়, সিকদার ট্রেড অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি’। এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সিকদার লিটন। চেয়ারম্যানের নাম সুলতানা আইরিন। চেয়ারম্যান নিজেকে এমডির স্ত্রী বলে পরিচয় দেন।
যৌথ মূলধিন কোম্পানির রাজশাহী কার্যালয়ের ডিলিং কর্মকর্তা হাবিবুর রহমান জানান, সিকদার ট্রেডার্স অ্যান্ড সিকদার ঔষধালয়, সিকদার ট্রেড অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি নামে কোনো কোম্পানি তাঁদের কাছে নিবন্ধিত হয়নি। এমনকি প্রতিষ্ঠানটির সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্সও নেই।
কয়েকজন ভুক্তভোগী জানিয়েছেন, গত বছরের নভেম্বরে রাজশাহী নগরের রানীনগর এলাকায় একটি ভাড়াবাড়িতে প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম শুরু করে। জামানত দিলেই যে কাউকে এই প্রতিষ্ঠানের কর্মচারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাঁদের বলা হয়, তাঁরা একটি নির্দিষ্ট পরিমাণ বেতন পাবেন। আর তাঁদের পণ্য বিক্রি করলে একটা ভালো কমিশন পাবেন। একপর্যায়ে কর্মচারীরা দেখেন কাউকেই বেতন দেওয়া হচ্ছে না। বেতন চাইতে গেলে তাঁদের বলা হয়, কেউ তাঁদের পণ্য বিক্রয়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেননি। এতে ক্ষুব্ধ হয়ে কর্মচারীরা জানুয়ারিতে প্রতিষ্ঠানে হামলা চালান। জনরোষের মুখে ওই এলাকা থেকে কার্যালয় গুটিয়ে পদ্মা আবাসিক এলাকায় নিয়ে যাওয়া হয়।
ভুক্তভোগীরা জানান, এই হামলার ঘটনায় তাঁদের পাঁচজনের নামে সিকদার লিটন নগরের বোয়ালিয়া থানায় ছিনতাইয়ের মিথ্যা অভিযোগে মামলা করেন।
একজন ভুক্তভোগী বলেন, ‘অফিস সহকারী’ পদে চাকরি দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে ২৯ হাজার টাকা জামানত নেওয়া হয়। চুক্তির শর্তে লেখা ছিল চাকরি ছেড়ে দিলে পাঁচ বছর পর জামানতের টাকা ফেরত দেওয়া হবে। কিন্তু তিন মাস চাকরি করার পরও তাঁকে এক মাসেরও বেতন দেওয়া হয়নি। তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তিনি কোম্পানির পণ্য বিক্রির লক্ষ্যমাত্রা অর্জন করতে ব্যর্থ হয়েছেন। এই অভিযোগে তাঁকে চাকরি থেকে ৫ ফেব্রুয়ারি অব্যাহতি দেওয়া হয়। অথচ চুক্তিপত্রের কোথাও লেখা নেই যে তাঁকে কোম্পানির পণ্য বিক্রি করতে হবে।
গত ৫ এপ্রিল নগরের পদ্মা আবাসিক এলাকায় গিয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যানসহ কয়েকজন কর্মচারীকে পাওয়া যায়। চেয়ারম্যান বলেন, তিনি এখানে চিকিৎসক হিসেবে রোগী দেখেন। তাঁদের কোরীয় কিছু পণ্য কর্মচারীরা বাইরে বিক্রি করলে কমিশন পান।
এর কয়েক দিন পরই চাকরিচ্যুত কর্মচারীদের একটি চিঠি পাঠানো হয়। তাতে বলা হয়, সাংবাদিক ও সন্ত্রাসী পাঠিয়ে তাঁরা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি করেছেন। তাঁদের জামানতের টাকা ২০২০ সালের ৩০ ডিসেম্বর সকাল ১০টায় ফেরত দেওয়া হবে। এ খবর শুনে পদ্মা আবাসিক এলাকায় গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটি আর ওই ঠিকানায় নেই। স্থানীয়রা জানান, প্রতিষ্ঠানটি উপশহর এলাকায় চলে গেছে। যোগাযোগ করা হলে এমডি সিকদার লিটন তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ শুনে এই প্রতিবেদককে পাল্টা প্রশ্ন করেন, ‘এখন আপনি কী করতে চান?’