রাজশাহীতে মাদকসহ প্রাইভেট কার জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর চারঘাটে গত শুক্রবার রাতে একটি প্রাইভেট কার থেকে ৩০০ বোতল ফেনসিডিল ও ২৫০টি ইয়াবা বড়ি জব্দ করেছে পুলিশ। এ সময় প্রাইভেট কারের চালক সবুর আহম্মেদকে (৩০) আটক করা হয়েছে। তিনি পাবনা সদর উপজেলার রাধানগর এলাকার বাসিন্দা।
অপরদিকে গোদাগাড়ী থানার পুলিশ ৫০০ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে আটক করেছে। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি ট্রলিও জব্দ করা হয়।
চারঘাট থানার ভারপ্রাপ্ত (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, গত শুক্রবার রাতে উপজেলার সারদা বাজারে ওই প্রাইভেট কারটিকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় প্রাইভেট কারের তিন আরোহী পালিয়ে গেলেও ৩০০ বোতল ফেনসিডিল ও ২৫০টি ইয়াবাসহ চালক সবুর আহম্মেদকে আটক করা হয়। ওসি আরও জানান, এ ঘটনায় চারজনকে আসামি করে চারঘাট থানায় একটি মামলা করা হয়েছে। গতকাল শনিবার সকালে আটক সবুরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
গোদাগাড়ীতে আটক দুই ব্যক্তি হলেন উপজেলার নবীনগরের বারোহাটি গ্রামের মনিরুল ইসলাম (২৫) ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোরশিয়া গ্রামের আনিসুর রহমান। আনিসুর রহমান ট্রলির চালক।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ জানান, শনিবার ভোরে মনিরুল ইসলাম আনিসুর রহমানের ট্রলিতে করে ৫০০ বোতল ফেনসিডিল নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীতে যাচ্ছিলেন। এ সময় কাঁকনহাট পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালিয়ে ফেনসিডিলসহ মনিরুল ও আনিসুরকে আটক করা হয়।