রাজশাহী নগরের একটি ক্লিনিকে অস্ত্রোপচার হওয়া এক ব্যক্তি গত মঙ্গলবার রাতে মারা গেছেন। হাতুড়ে অবেদনবিদের সহযোগিতায় সাত দিন আগে পদ্মা ক্লিনিকে অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার হয়েছিল তাঁর। ওই রাতে অচেতন হয়ে পরলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই মারা গেলেন তিনি।
এর আগেও নগরের অন্য একটি ক্লিনিকে অস্ত্রোপচারের পর অচেতন হয়ে তিন রোগীর মৃত্যু হয়েছিল। ওই ক্লিনিকেও অবেদনবিদ ছিলেন না।
গত মঙ্গলবার রাতে মারা যাওয়া ব্যক্তি একজন আদিবাসী শিক্ষক। তাঁর নাম বাবুলাল তীর্কি (৪৫)। তিনি গোদাগাড়ী উপজেলার গ্রো-গ্রামের বাসিন্দা এবং ইদলপুর কান্তপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন৷
নগরের পদ্মা ক্লিনিকে গত ২৪ সেপ্টেম্বর বিকেলে অস্ত্রোপচার হয় বাবুলালের। ওই দিন রাতেই তিনি অচেতন হয়ে পড়েন। অচেতন অবস্থাতেই ২৬ সেপ্টেম্বর তাঁকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে গত মঙ্গলবার রাতে মারা যান।
পদ্মা ক্লিনিক সূত্রে জানা গেছে, বাবুলাল ২৪ সেপ্টেম্বর গোদাগাড়ীর প্রেমতলি স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক কামরুজ্জামানের পরামর্শে ক্লিনিকটিতে ভর্তি হন। ওই দিন বিকেলে কামরুজ্জামানই তাঁর অস্ত্রোপচার করেন। কিন্তু রাত ১১টার দিকে প্রচণ্ড জ্বর ও মাথাব্যথায় অচেতন হয়ে পড়েন শিক্ষক।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শল্য বিভাগের প্রধান আবদুল মোমেন বলেন, ‘এখানে আনার পর আমরা মেডিকেল বোর্ড গঠন করে তাঁকে সর্বোচ্চ সেবা দিয়েছি।’ অচেতন হওয়ার বিষয়ে বলেন, এর কারণ অবেদনবিদ হয়তো বলতে পারবেন। জানতে হবে ওই অবেদনবিদ কাজটির জন্য উপযুক্ত ব্যক্তি কি না। আবার অবেদন করতে যে ওষুধ ব্যবহার করা হয়েছে, তাও বাজে হতে পারে। এ ছাড়া অবেদন করার পরে রোগীকে যথেষ্ট নজরদারিতে রাখতে হয়। তা না হলেও অঘটন ঘটতে পারে।
এদিকে কামরুজ্জামান বলেন, তিনি অস্ত্রোপচার করে চলে যান। যাওয়ার আগে রোগীর সঙ্গে কথাও বলে গেছেন। রোগীকে কে অবেদন করেছিলেন, জানতে চাইলে তিনি বলেন, আনিসুর রহমান নামের একজন চিকিৎসক। কোথাকার চিকিৎসক জানতে চাইলে বলেন, তিনি কোথাও চাকরি করেন না। মুঠোফোনে আনিসুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তা বন্ধ পাওয়া যায়।
এর আগে নগরের ডলফিন ক্লিনিকে গত নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন রোগী অচেতন হয়ে মারা যান। সেখানেও বিশেষজ্ঞ অবেদনবিদ ছাড়াই ওই রোগীদের অস্ত্রোপচার হয়েছিল।