রাজশাহীতে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
রাজশাহীতে আজ বুধবার সকালে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ২৬ বছর বয়সী এই যুবকের নাম-পরিচয় জানা যায়নি। লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
এ ছাড়া পৃথক দুটি ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রশিবিরের এক কর্মী ও এক সন্দেহভাজন ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ শিবিরকর্মীর নাম সবুজ আলী। তাঁর বাড়ি নগরের মির্জাপুর এলাকায়। তিনি নগরের বিনোদপুর ইসলামিয়া কলেজের বিএসএস প্রথম বর্ষের ছাত্র। গুলিবিদ্ধ সন্দেহভাজন ছিনতাইকারী হচ্ছেন আসিফ ইসলাম ওরফে শোভন। তাঁর বাড়ি নগরের ষষ্ঠীতলা এলাকায়।
বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, আজ সকালে নগরের মেহেরচণ্ডী এলাকায় অলিবাবার মাজারের পাশে গণকবর মোড়ে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। নিহত যুবকের বুকের ডান পাশের নিচের দিকে গুলির জখম রয়েছে। নিহতের পরনে সাদা রঙের ফুল প্যান্ট ও সাদা রঙের জামা রয়েছে। স্থানীয়দের কেউ লাশটি শনাক্ত করতে পারেনি। বেলা ১১টার দিকে নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
মতিহার থানার এসআই হারুন অর রশীদের ভাষ্য, গুলিবিদ্ধ সবুজ শিবিরের দুর্ধর্ষ ক্যাডার। তাঁর নামে বিভিন্ন থানায় ১৮টি নাশকতার মামলা রয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বিনোদপুর এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। রাত দুইটার দিকে মতিহার থানার বালুরমাঠ এলাকায় তাঁকে নিয়ে অস্ত্র উদ্ধারে বের হলে তাঁর সহযোগী শিবিরকর্মীরা পুলিশের ওপর হামলা করেন। তাঁরা পুলিশকে গুলি করলে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় পালানোর চেষ্টা করলে সবুজের ডান পায়ে গুলি লাগে। পরে আহত অবস্থায় তাঁকে গ্রেপ্তার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় পুলিশের এক সদস্য আহত হন।
হাসপাতালে চিকিৎসাধীন সবুজ বলেছেন, তিনি ছাত্রশিবিরের কর্মী। তাঁর দাবি, তাঁকে গত সোমবার রাতে নগরের শ্যামপুর বটতলা এলাকায় তাঁর নানির বাড়ি থেকে আটক করা হয়। গতকাল দিবাগত রাতে চোখ বেঁধে নিয়ে গিয়ে পুলিশ তাঁর পায়ে গুলি করে।
নগর পুলিশের মুখপাত্র ও সহকারী কমিশনার ইফতে খায়ের আলমের ভাষ্য, গতকাল গভীর রাতে ছিনতাইকারী আসিফ ইসলাম ওরফে শোভনকে নগরের পঞ্চবটি এলাকা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ আটক করে। রাত ১২টার দিকে তাঁকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করে গোয়েন্দা পুলিশ। বোয়ালিয়া থানার পুলিশ তাঁকে নিয়ে অস্ত্র উদ্ধারে বের হলে রাত সোয়া একটার দিকে নগরের হেতেমখাঁ মহিলা কলেজের মোড়ে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ করে তাঁর সহযোগীরা। ওই সময় পালানোর জন্য দৌড় দিলে পায়ে গুলিবিদ্ধ হন আসিফ। গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করে। আসিফের নামে নগরের বোয়ালিয়া থানায় ছিনতাইয়ের অভিযোগে চারটি মামলা রয়েছে।