রাজশাহীতে রডের বদলে বাঁশ ব্যবহারের ঘটনা তদন্তে দুদক
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নতুন ভবন নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের ঘটনা তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার সকালে দুদকের রাজশাহীর উপপরিচালক শেখ ফাইয়াজ আলমের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করে।
শেখ ফাইয়াজ আলম বলেন, ‘কেন রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করা হলো, বা ভবনটি নির্মাণ করতে গিয়ে আর কোনো দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে কি না, সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’ গতকাল তদন্তকাজ চলাকালে উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের লতিফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারীরা।
এর আগে গত ১৮ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হারুন অর রশিদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি ঘটনা তদন্তে আসে।
গত ৩১ অক্টোবর হাসপাতালের তৃতীয় তলার লিফটের সামনে টাইলসের নিচে বাঁশ দেখা যায়। এ নিয়ে গত ১ নভেম্বর প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়।