রাজশাহীতে রেললাইনে পেট্রল ঢেলে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতের ডাকা হরতালে আজ রোববার রাজশাহী শহরের রায়পাড়া সায়েগাছা রেলক্রসিংয়ে আগুন জ্বালানোর জন্য পেট্রল ঢালছেন এক হরতাল সমর্থক। ছবি: শহীদুল ইসলাম
জামায়াতের ডাকা হরতালে আজ রোববার রাজশাহী শহরের রায়পাড়া সায়েগাছা রেলক্রসিংয়ে আগুন জ্বালানোর জন্য পেট্রল ঢালছেন এক হরতাল সমর্থক। ছবি: শহীদুল ইসলাম

রাজশাহীতে আজ রোববার হরতাল চলাকালে জামায়াত-শিবিরের কর্মীরা নগরের বিভিন্ন এলাকায় পিকেটিং করেছেন। নগরের রায়পাড়ায় রেললাইনের ওপর পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয় হরতাল-সমর্থকেরা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ভোর সাড়ে ছয়টার দিকে হরতাল-সমর্থকেরা পবা উপজেলার কাটাখালী পৌর এলাকার দেওয়ানপাড়া এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কে কাঠ ফেলে ও খড় জ্বেলে অবরোধ করে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়। একই সময় তারা নগরের দোসর মণ্ডলের মোড়, আলিফ লাম ভাটা, ভদ্রা এলাকায় রাস্তায় পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়। তারা সড়ক অবরোধ করার চেষ্টা চালায়। পুলিশ পৌঁছার আগেই তারা পালিয়ে যায়। সকাল আটটার দিকে তারা নগরের রায়পাড়া এলাকায় বোতলে করে পেট্রল নিয়ে গিয়ে রেললাইনের ওপরে ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে আগুন নিভিয়ে ফেলে।

জামায়াতের ডাকা হরতালে আজ রোববার রাজশাহী শহরের রায়পাড়া সায়েগাছা রেলক্রসিংয়ে আগুন জ্বালানোর জন্য পেট্রল ঢালছেন এক হরতাল সমর্থক। ছবি: শহীদুল ইসলাম
জামায়াতের ডাকা হরতালে আজ রোববার রাজশাহী শহরের রায়পাড়া সায়েগাছা রেলক্রসিংয়ে আগুন জ্বালানোর জন্য পেট্রল ঢালছেন এক হরতাল সমর্থক। ছবি: শহীদুল ইসলাম

সকাল সাড়ে আটটার দিকে হরতাল-সমর্থকেরা নগরের সাহেববাজার এলাকায় বিশাল কনফেকশনারির সামনে মিছিল নিয়ে রানীবাজার এলাকায় যায়। সেখানে নগরের বোয়ালিয়া জোনের সহকারী কমিশনারের গাড়ি লক্ষ্য করে হরতাল-সমর্থকেরা ইট ছোড়ে। পুলিশ গাড়ি থেকে নামতে নামতেই তারা পালিয়ে যায়।

রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মাহবুবুর রহমান জানান, হরতালে নগরের রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। মহানগরজুড়ে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ বাড়ানো হয়েছে। এ ছাড়া র‌্যাব ও বিজিবির টহল রয়েছে। নগরে এক প্লাটুন ও জেলার মহাসড়কে এক প্লাটুন বিজিবি টহল দিচ্ছে। যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে বলে তিনি জানান।