রাজশাহীতে রেললাইনের নিচ দিয়ে বিদ্যুৎ পাচার সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে রেললাইনের নিচ দিয়ে কর্তৃপক্ষের নজর এড়িয়ে অভিনব কায়দায় এক দোকান থেকে আরেক দোকানে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছিল। গতকাল বুধবার রেললাইনের কাজ করতে গেলে কর্মচারীদের গাইতির আঘাতে রেললাইনের নিচ থেকে বেরিয়ে আসে বিদ্যুতের লাইন। খবর পেয়ে নর্দান জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি অভিযান চালিয়ে এ রকম ১০টি সংযোগ বিচ্ছিন্ন করে।

নর্দান জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির সহকারী প্রকৌশলী মোজ্জামেল হক বলেন, রেলওয়ের মহাপরিচালক রাজশাহীতে আসবেন। এ উপলক্ষে রেললাইন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছিল। পরিচ্ছন্নতাকর্মীরা কাজটি করতে করতে নগরের দড়িখরবোনা এলাকায় পৌঁছান। সেখানে তাঁদের গাইতির সঙ্গে বিদ্যুতের লাইন উঠে আসে। পরে তাঁদের কাছ থেকে খবর পেয়ে সেখানে গিয়ে ওই সব সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তিনি আরও বলেন, রেললাইনের দক্ষিণ পাশে তাঁদের ‘ডিভিশন-৪’ এর এলাকা আর উত্তর পাশে ‘ডিভিশন-৩’। কর্তৃপক্ষের অজ্ঞাতসারে দোকানিরা রেললাইনের নিচ দিয়ে ডিভিশন-৪ থেকে লাইন টেনে ডিভিশন-৩-এর দোকানপাটে বিদ্যুৎ-সংযোগ নিয়েছিলেন। তিনি বলেন, এ রকম ঝুঁকিপূর্ণভাবে বিদ্যুৎ-সংযোগ নেওয়ায় যেকোনো সময় রেলপথে বড় ধরনের দুর্ঘটনাও ঘটে যেতে পারে।

সংযোগ বিচ্ছিন্ন করা দোকান নগরের কাদিরগঞ্জ এলাকার সেন্টু িস্টল ফার্নিচারের মালিক মহিদুর রহমান বলেন, বৈধ মিটার থেকেই তাঁরা লাইন টেনেছিলেন। কিন্তু রেললাইনের নিচ দিয়ে নেওয়াটা তাঁদের ঠিক হয়নি। এ জন্য তাঁদের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।