রাজশাহীতে লিটনের বাড়ির পর বুলবুলের বাড়িতে হামলা
রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটনের উপশহরের বাড়িতে বোমা হামলার পর বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
আজ সোমবার রাতে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের শাশুড়ি আহত হয়েছেন। মেয়রের ছোট ভাই মোস্তাক হোসেন ঝন্টু ও বাবুকে আটক করেছে পুলিশ।
খায়রুজ্জামান লিটনের স্ত্রী শাহীন আক্তার রেনী জানান, তাঁর স্বামী এখন ঢাকায়। রাত নয়টার দিকে তিনি টেলিভিশনে খবর দেখছিলেন। এর কিছুক্ষণ পরেই ওই কক্ষের বারান্দায় বিকট শব্দে একটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে বাড়ির লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বোমার শব্দে আশাপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
লিটনের ছোট মেয়ে মাইশা জামান শ্রেয়া জানায়, সে ওই কক্ষে বসে কম্পিউটারে কাজ করছিল। বোমার প্লিন্টারে জানালার কাচ ফুটো হয়ে গেছে। তবে ভেতরে আসেনি।
বাড়ির গৃহকর্মী ময়না জানান, ‘ওই সময় বাড়ির ছাদে ছিলাম। ট্রাউজার পরা দুই যুবক বাড়ির সামনে এসে একটি বোমা ছুড়ে দৌড় দিয়ে পশ্চিম দিকে পালিয়ে যায়।
নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে গেছেন।
এদিকে রাত সোয়া ১০টার দিকে একদল লোক বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের বাসায় হামলা চালায়।
মেয়রের স্ত্রী রেবেকা সুলতানা জানান, তিনি বারান্দায় কাপড় তুলতে গিয়ে দেখেন একদল যুবক মেয়র সাহেবের নামফলক লাথি দিয়ে ভাঙছেন। এ ব্যাপারে তিনি কথা বলতে গেলে তাঁর দিকে ইট ছুড়ে দুর্বৃত্তরা। পরে তিনি ঘরের দরজা বন্ধ করে দিলে দুর্বৃত্তরা গিয়ে জানালার সব কাচ ভাঙচুর করে। এ সময় তাঁর মা শায়েরা বানু বিছানায় শুয়ে থাকায় ভাঙা কাচের আঘাতে তিনি আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা বর্তমান মেয়রের বাড়িতে ফাঁকা গুলিও করেছে। এর পরপরই পুলিশ এসে মেয়রের ছোট ভাই মোস্তাক হোসেন ঝন্টু ও বাবুকে আটক করে নিয়ে যায়। মেয়রের স্ত্রী বাঁধা দিতে গেলে পুলিশ তাঁকেও গ্রেপ্তারের হুমকি দেয়।