রাজশাহীতে শিবির কর্মীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে শহীদুল ইসলাম নামের শিবিরের এক কর্মীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে নগরের খড়খড়ি বাইপাস সড়কের বড় বনগ্রাম এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত শহীদুল নগরের নওদাপাড়া ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারী। তিনি নগরের ভাঁড়ালিপাড়া এলাকার জালাল উদ্দিনের ছেলে। তাঁর বিরুদ্ধে রাজশাহী নগরের শালবাগান এলাকায় পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীরকে পেটানোসহ সাতটি মামলা রয়েছে। তাঁকে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে পোস্টার ছাপানো হয়েছিল।
গতকাল রোববার এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের রাজশাহী মহানগরের সেক্রেটারি আবদুল্লাহ জোবায়ের ও সাংগঠনিক সম্পাদক ইসমাঈল হোসেন বলেন, শনিবার রাত দুইটার দিকে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পুলিশ শিবির কর্মী শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে নিয়ে যায়। কিন্তু তাঁকে এখনো আদালতে হাজির করা হয়নি। অভিভাবকেরা তাঁর অবস্থান জানতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তাঁরা গ্রেপ্তারের কথা অস্বীকার করেন।

এদিকে আজ দুপুরে এক যৌথ বিবৃতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি শোয়েব শাহরিয়ার ও সেক্রেটারি হাসান তারিক এটাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলে দাবি করে এর তীব্র নিন্দা জানিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, আজ সকালে নগরের খড়খড়ি বাইপাস সড়কের বড় বনগ্রাম এলাকায় অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। শিবিরের দাবি প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ তাঁকে আটক করেনি।
পুলিশ জানায়, ২০১৩ সালের ১ এপ্রিল রাজশাহীতে পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমের ওপর হামলা ও চলতি বছরের ৬ জানুয়ারি একই সড়কের সপুরা এলাকায় পুলিশের গাড়িতে হামলা করে বন্দুক কেড়ে নিয়ে পুলিশকে পেটানোর মামলার আসামি ছিলেন শহীদুল ইসলাম। হামলার সময় ধারণ করা ছবি দিয়ে পুলিশ শহীদুলকে ধরিয়ে দেওয়ার জন্য পোস্টার করেছিল। ইতিমধ্যে এই মামলা দুটিতে শহীদুলের নামে অভিযোগপত্র দেওয়া হয়েছে।

নগরের শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান বলেন, নিহত শহীদুলের শরীরে গুলির চিহ্ন রয়েছে। তবে তিনি কীভাবে মারা গেছেন এটা তদন্তের বিষয়। তিনি বলেন, তাঁর নামে পুলিশের ওপরে হামলা, হত্যা, অস্ত্র ও বিস্ফোরক আইনে শুধু শাহমখদুম থানাতেই সাতটি মামলা রয়েছে। তার মধ্যে পুলিশের ওপরে হামলার দুটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে।