রাজশাহীতে শিবিরের তিনজনকে পিটুনির পর পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ইসলামী ছাত্রশিবিরের তিন নেতা-কর্মীকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিলেন বলে তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার লস্করহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

গণপিটুনির শিকার ব্যক্তিরা হলেন জেলা ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক মাসুম ফারুক, গোদাগাড়ী উপজেলা (পশ্চিম) শিবিরের সভাপতি আবদুস সামাদ ও শিবিরের কর্মী মনোয়ার হোসেন। মাসুম ফারুকের বাড়ি উপজেলার সুলতানগঞ্জে, আবদুস সামাদের বাড়ি কামারপাড়ায় এবং মনোয়ার হোসেনের বাড়ি বালিয়াঘাটা গ্রামে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, ছাত্রশিবিরের এই নেতা-কর্মীদের দেখে সন্দেহ হলে স্থানীয় লোকজন তাঁদের ব্যাগ দেখতে চায়। এ সময় পালাতে গেলে লোকজন তাঁদের ধরে পিটুনি দিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে আটক করে থানায় নিয়ে যায়। তাঁদের কাছ থেকে বেশ কিছু তারকাঁটা, পেরেক লাগানো কাঠ ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
ওসি ফরহাদ বলেন, ওই তিনজনকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কাল বুধবার আদালতে পাঠানো হবে।