রাজশাহীতে শিবিরের তিনজনকে পিটুনির পর পুলিশে সোপর্দ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ইসলামী ছাত্রশিবিরের তিন নেতা-কর্মীকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিলেন বলে তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার লস্করহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
গণপিটুনির শিকার ব্যক্তিরা হলেন জেলা ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক মাসুম ফারুক, গোদাগাড়ী উপজেলা (পশ্চিম) শিবিরের সভাপতি আবদুস সামাদ ও শিবিরের কর্মী মনোয়ার হোসেন। মাসুম ফারুকের বাড়ি সুলতানগঞ্জে, আবদুস সামাদের বাড়ি কামারপাড়ায় এবং মনোয়ার হোসেনের বাড়ি বালিয়াঘাটা গ্রামে।
গোদাগাড়ী থানার ওসি এস এম আবু ফরহাদ বলেন, ছাত্রশিবিরের এই নেতা-কর্মীদের দেখে সন্দেহ হলে স্থানীয় লোকজন তাঁদের ব্যাগ দেখতে চায়। এ সময় পালাতে গেলে লোকজন তাঁদের ধরে পিটুনি দিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে আটক করে থানায় নিয়ে যায়। তাঁদের কাছ থেকে বেশ কিছু তারকাঁটা, পেরেক লাগানো কাঠ ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ওই তিনজনকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কাল (বুধবার) আদালতে পাঠানো হবে।