রাজশাহীতে শিবিরের ২ নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি এলাকায় আজ শনিবার বিকেলে ছাত্রশিবিরের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

আটক দুই ব্যক্তি হলেন আবদুল্লাহ হীল কাফি (২৫) ও বাবলু রহমান (২০)।
পুলিশ জানায়, আবদুল্লাহ হীল কাফির বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার জামরাই গ্রামে। তিনি শিবিরের রাজশাহী জেলা পূর্ব বিভাগের সভাপতি। বাবলু রহমানের বাড়ি তাহেরপুর পৌরসভায়। তিনি এই পৌরসভা শিবিরের সভাপতি।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, আবদুল্লাহ হীল কাফি ও বাবলু রহমান নন্দনগাছি এলাকায় নিজেদের মানবাধিকার সাংবাদিক পরিচয় দিয়ে এলাকার লোকজনের কাছে কর্ণিয়া কোচিং নামের একটি কোচিং সেন্টারের লিফলেট বিতরণ করছিলেন। খবর পেয়ে পুলিশ তাঁদের আটক করে। এ সময় তাঁদের কাছে শিবিরের ব্যক্তিগত রিপোর্ট বই পাওয়া গেছে।
ওসি জানান, আবদুল্লাহ হীল কাফি রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। বাবলু রহমান তাহেরপুর মাদ্রাসার শিক্ষার্থী। আগের নাশকতার মামলায় আসামি দেখিয়ে আগামীকাল রোববার তাঁদের আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি।