রাজশাহীতে সরকারি ওষুধ বাজারে বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সত্যতা যাচাইয়ের জন্য প্রথম আলোর পক্ষ থেকে প্রায় দেড় হাজার টাকার ওষুধ কেনা হয় l প্রথম আলো
সত্যতা যাচাইয়ের জন্য প্রথম আলোর পক্ষ থেকে প্রায় দেড় হাজার টাকার ওষুধ কেনা হয় l প্রথম আলো

হাসপাতালের রোগীদের বলা হচ্ছে, ওষুধ সরবরাহ নেই। অথবা সরবরাহ রয়েছে—রোগীদের জন্য চাহিদাও দেওয়া হচ্ছে। ভান্ডার থেকে আসছে। আসার পথেই হারিয়ে যাচ্ছে। রোগীরা আর পাচ্ছে না। ওষুধ চলে যাচ্ছে বাইরে। রাজশাহীতে সরকারি হাসপাতালের এই জরুরি ওষুধ অবাধে বাজারে বিক্রি হচ্ছে। সত্যতা যাচাইয়ের জন্য প্রথম আলোর পক্ষ থেকেও প্রায় দেড় হাজার টাকার ওষুধ কেনা হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরকারি ওষুধ বাইরে পাচার হওয়ার খবর প্রায়ই শোনা যায়। ২০১৩ সালের মে মাসে হাসপাতালের প্রায় ৪০ হাজার টাকার ওষুধসহ এক নারীকে হাসপাতালের ফাঁড়ির পুলিশ আটক করে। ওই নারীর বাবা হাসপাতালের একজন প্রহরী। তাঁর এক আত্মীয় হাসপাতালের ওয়ার্ডবয়।
সরকারি ওষুধ কোথায় বিক্রি হয়, এ ব্যাপারে প্রথম আলোর পক্ষ থেকে অনুসন্ধান চালাতে গিয়ে তার সন্ধান পাওয়া যায়। নগরের লক্ষ্মীপুর এলাকায় অবস্থিত এ রকম একটি দোকান থেকে পরিচয় গোপন করে প্রথম আলোর পক্ষ থেকে ওষুধ কেনার চেষ্টা করা হয়। বেশ কিছুদিন চেষ্টা করার পর ১০ মার্চ সেই চেষ্টা সফল হয়। বাজারের খুচরা মূল্যের প্রায় অর্ধেক বা তারও কম মূল্যে সরকারি ওষুধ বাইরে বিক্রি করা হয়। সেই দামেই তারা প্রথম আলোর কাছে বিক্রি করেছে। প্রতিটি ওষুধের পাতায় ও শিশিতে লাল কালি দিয়ে লেখা রয়েছে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্পদ। ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয়!’
প্রথম আলোর কেনা ওষুধের মধ্যে রয়েছে বড়ি অ্যাজিথ্রোমাইসিন (৫০০ এমজি)। যার প্রতিটি বড়ির দাম রাখা হয় ১২ টাকা। খোঁজ নিয়ে জানা গেছে, বাজারে এই ওষুধের খুচরা বিক্রয়মূল্য ৩৫ টাকা। ক্যাপসুল ফ্লক্লক্সাসিলিনের (৫০০ এমজি) দাম ধরা হয় সাড়ে পাঁচ টাকা করে। বাজারে এর খুচরা মূল্য ১০ টাকা করে। ক্যাপসুল সেফিক্সিমের (২০০ এমজি) দাম নেওয়া হয় ১২ টাকা করে। বাজারে এর খুচরা মূল্য ২৫ টাকা। এমনি আরও কয়েক পদের ওষুধ কেনা হয় ‘সরকারি ওষুধ বিক্রেতাদের’ কাছ থেকে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জ্যেষ্ঠ ভান্ডার কর্মকর্তা আলী আকবর বলেন, তাঁর ভান্ডার থেকে চুরির কোনো সুযোগ নেই। ওয়ার্ডের চাহিদা অনুযায়ী তিনি সরবরাহ করছেন। এখন ওয়ার্ডে গিয়ে কী হচ্ছে, সেটা তিনি আর দেখতে পাচ্ছেন না। এ ছাড়া বহির্বিভাগেও ওষুধ যাচ্ছে। তিনি বলেন, স্থানীয় কিছু ছেলে রয়েছে, তারা অসুখ হোক আর না হোক, চিকিৎসককে দিয়ে দামি ওষুধ লিখিয়ে হাসপাতাল থেকে নিয়ে যাচ্ছে। তারা ধরাও পড়ছে।
হাসপাতালের কয়েকটি ওয়ার্ডে গিয়ে দেখা যায়, হাসপাতালে সরবরাহ রয়েছে, এমন ওষুধও রোগীকে কিনতে হয়েছে। একজন রোগী বলেন, তাঁকে সাধারণ স্যালাইনও কিনতে বলা হয়েছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন বলেন, ‘বাইরে কোথায় ওষুধটা পাওয়া যাচ্ছে, সেটা জানতে পারলে আমরা সেখানে অভিযান চালাব। তাকে ধরতে পারলেই জানা যাবে কার কাছ থেকে সে ওষুধ পাচ্ছে।’