রাজশাহীতে সাবেক মেয়রের বাড়িতে বোমা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটনের বাড়িতে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।

বোমাটি বাসার দ্বিতীয় তলার বারান্দায় বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় লিটন বাড়িতে ছিলেন না।
খায়রুজ্জামান লিটনের স্ত্রী শাহীন আক্তার জানান, তাঁর স্বামী ঢাকায় আছেন। তিনি ড্রইং রুমে বসে টিভি ছেড়ে রাত নয়টার খবরটা দেখতে শুরু করেছেন। এর কিছুক্ষণ পরেই ড্রইং রুমের বারান্দায় বিকট শব্দে একটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে বাড়ির লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বোমার শব্দে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। বোমার স্প্লিন্টারে ড্রইং রুমের জানালার কাচ ফুটো হয়ে গেছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য সাবেক মেয়র লিটনের ছোট মেয়ে মাইশা জামান শ্রেয়া জানায়, সে ওই কক্ষে বসে কম্পিউটারে কাজ করছিল। বোমার স্প্লিন্টারে জানালার কাচ ফুটো হয়ে গেছে। তবে ভেতরে আসেনি।
বাড়ির গৃহকর্মী ময়না বলেন, ওই সময় বাড়ির ছাদে ছিলাম। ট্রাউজার পরা দুই যুবক বাড়ির সামনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তারা বাড়ির সামনে এসে একটি বোমা ছুড়ে দৌড় দিয়ে পশ্চিম দিকে পালিয়ে যায়।
রাতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেনসহ পুলিশের সদস্যদের সেখান বোমার স্প্লিন্টার সংগ্রহ করতে দেখা যায়। তিনি বলেন, খবর পেয়ে দ্রুত তাঁরা এখানে চলে এসেছেন। ততক্ষণে হামলাকারীরা পালিয়ে গেছে।