রাজশাহীতে সিঙ্গার শোরুমের তালা ভেঙে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের কাদিরগঞ্জ গ্রেটার রোডে সিঙ্গার কোম্পানির একটি শোরুমের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে এ চুরি সংঘটিত হয়। শোরুমের নগদ টাকাসহ প্রায় তিন লাখ টাকার মালামাল খোয়া গেছে।
শোরুমের ব্যবস্থাপক হাসানুজ্জামান দুলাল বলেন, প্রতিদিনের মতো তিনি ও কর্মচারীরা বুধবার রাত নয়টার দিকে দোকানে তালা মেরে বাড়ি যান। গতকাল সকালে শোরুম খুলতে এসে দেখেন একটিও তালা নেই। ভেতরে ঢুকে দেখেন সবকিছু এলোমেলো। তিনি বলেন, দুর্বৃত্তরা ৬০ হাজার টাকা, ১০টি ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন, দুটি ২৮ ইঞ্চি টেলিভিশন, একটি নোটবুক ও একটি ব্লেন্ডার নিয়ে গেছে।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বলেন, যে এলাকায় চুরি সংঘটিত হয়েছে সেটি সিসিটিভির ক্যামেরার আওতাভুক্ত। সেখান থেকে ফুটেজ সংগ্রহ করে চোরদের গ্রেপ্তারের চেষ্টা করা হবে।