রাজশাহীতে সিনেমা হলে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যান্ত্রিক ত্রুটির কারণে বিরক্ত হয়ে রাজশাহীর একমাত্র সিনেমা হলটিতে দর্শকেরা ভাঙচুর করেছেন। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নগরের কাদিরগঞ্জে উপহার সিনেমা হলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, উপহার সিনেমা হলে ঈদ উপলক্ষে ভারতীয় বাংলা ছবি বাদশা দেখানো হচ্ছিল। ঈদের দিন থেকেই হলে দর্শকদের উপচেপড়া ভিড় ছিল। গত শুক্রবার রাত নয়টা থেকে তৃতীয়বারের মতো সিনেমাটির প্রদর্শনী শুরু হয়। এরপর ঘনঘন যান্ত্রিক ত্রুটির কারণে সিনেমা দেখতে আসা দর্শকেরা বিড়ম্বনায় পড়েন। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে তাঁরা রাত সাড়ে ১০টার দিকে হলের চেয়ারসহ অন্যান্য জিনিসপত্র ভাঙচুর শুরু করেন। খবর পেয়ে নগরের বোয়ালিয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বলেন, ওই দিন সিনেমা হলটিতে এক হাজারেরও বেশি দর্শক উপস্থিত হয়েছিলেন।