রাজশাহীতে সেনাসদস্যের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সেনানিবাস থেকে গতকাল মঙ্গলবার সকালে এক সেনাসদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলেছে, ওই সেনাসদস্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে নগরের বোয়ালিয়া মডেল থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
নিহত সেনাসদস্যের নাম আজিজুল হক (৩৫)। তাঁর বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভালুকাপুরা গ্রামে। তিনি রাজশাহী সোননিবাসে করপোরাল পদে কর্মরত ছিলেন।
বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) আফাজ উদ্দিন বলেন, গতকাল সকালে ওই সেনাসদস্য বাহিনীর কুচকাওয়াজে উপস্থিত ছিলেন না। এরপর কর্তৃপক্ষ তাঁর খোঁজ শুরু করে। তাঁর মুঠোফোনে ফোন করা হলেও কেউ ধরছিল না। পরে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু তারাও কোনো তথ্য দিতে পারেনি।
এসআই বলেন, অন্য একজন সেনাসদস্য গোসল করতে গিয়ে সেনা ব্যারাকের তিনতলার পানির পাইপের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় আজিজুলকে ঝুলে থাকতে দেখেন। তাঁর মুঠোফোনটিও সেখানে পাওয়া যায়। এরপর সকাল সাড়ে ১০টার দিকে বোয়ালিয়া থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
এসআই আফাজ উদ্দিন বলেন, গতকাল বেলা তিনটার দিকে ময়নাতদন্ত শেষে লাশ সেনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।