রাজশাহীতে স্ত্রীকে গলা কেটে হত্যা স্বামী আটক
রাজশাহীতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে প্রকাশ্যে গলা কেটে হত্যা করেছেন স্বামী। বাধা দিতে এলে ছোট ভাইয়ের স্ত্রীকেও তিনি কুপিয়ে জখম করেন। হত্যাকাণ্ডের পর অস্ত্র হাতে বাড়িতে অবস্থান করার সময়ই পুলিশ গিয়ে আয়নাল হক (৩০) নামের ওই ব্যক্তিকে আটক করে। গতকাল রোববার সকাল ১০টায় জেলার পবা উপজেলার বায়া ভোলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম সাফিয়া বেগম (২৫)। স্বামী আয়নাল পেশায় একজন দিনমজুর। এই দম্পতির সাগর (১০) নামের একটি ছেলে রয়েছে। আহত গৃহবধূ সোমা বেগমকে (২৩) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজশাহী নগরের শাহ মখদুম থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, গতকাল সকাল ১০টার দিকে আয়নালের স্ত্রী সাফিয়া বাড়ির সামনে রাস্তার ধারে কাজ করছিলেন। কোনো একটি বিষয় নিয়ে আয়নালের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আয়নাল বাড়ি থেকে ছুরি এনে সাফিয়াকে ছুরিকাঘাত করেন। এতে সাফিয়া মাটিতে লুটিয়ে পড়লে আয়নাল তাঁকে গলা কেটে হত্যা করেন।