রাজশাহীতে স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা
রাজশাহীতে স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছেন মাদকাসক্ত স্বামী। গতকাল রোববার সকালে শহরের কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় গৃহবধূ সাথী ইসলামকে (২৬) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে তাঁর স্বামী হাসিবুর রহমান পলাতক। তাঁদের আট বছর বয়সী একটি ছেলে রয়েছে। হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার কুমার সুব্রত রঞ্জন বলেন, ধারালো কিছুর আঘাতে সাথীর গলায় গভীর জখম হয়েছে। অল্পের জন্য শ্বাসনালি কেটে যায়নি।
গতকাল দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, গলায় ব্যান্ডেজ নিয়ে ৩৩ নম্বর ওয়ার্ডের একটি শয্যায় শুয়ে আছেন সাথী। পাশে বসে আছেন তাঁর মা নার্গিস খাতুন। শয্যার পাশে প্লাস্টিকের টুলে বসা সাথীর ছেলে মাহিনুর হাসান।
নার্গিস খাতুন বলেন, তিনি গতকাল সকাল সাড়ে নয়টার দিকে বাড়িতে কাজ করছিলেন। মেয়ের বাড়ি থেকে তাঁর বাড়ির দূরত্ব ৫০ গজের মতো। এক প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে তিনি দ্রুত মেয়ের বাড়িতে গিয়ে দেখেন, তাঁদের মেয়ে ঘাসের ওপর পড়ে আছেন। চারদিকে রক্ত। গলা দিয়ে অঝোরে রক্ত ঝরছে। আশপাশে অনেকে উপস্থিত থাকলেও কেউই ধরেননি। পরে পাশে মেসের ছেলেদের ডেকে মেয়েকে রিকশায় করে হাসপাতালে নিয়ে যান।
সাথীর বর্ণনা অনুযায়ী, ‘ঘরে তালা দিয়ে আমি বের হচ্ছিলাম। এ সময় সে এসে আমার কাছে চাবি চায়। চাবি না দিতে চাইলে সে চুল ধরে আমাকে দেয়ালের সাথে ধাক্কা দেয়। এরপর মাজা থেকে চাকু বের করে গালে পোঁচ দেয়। তারপর পেটে ঢোকানোর চেষ্টা করে। না পেরে গলার মধ্যে চাকু ঢোকাতে যায়। তখন বাড়ির ভাড়াটিয়া ও অন্যরা চলে আসলে সে পালিয়ে যায়।’
নার্গিস খাতুন বলেন, ২০০৫ সালে কলাবাগান এলাকার হাসিবুর রহমান মুন্নার সঙ্গে তাঁর মেয়ের বিয়ে হয়। আগে ট্রাকের সহকারী ছিলেন হাসিব। কিছুদিন থেকে কোনো কাজ করেন না। বাড়িভাড়ার কিছু টাকা আর সাথী সেলাই মেশিনে কাজ করে সংসার চালান। কিন্তু হাসিব বাড়ির জিনিসপত্র বিক্রি করে নেশা করেন। নেশার টাকার জন্য স্ত্রীর ওপর নির্যাতন করতেন। হাসিব মুঠোফোন ব্যবহার করেন না। তাই তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।