রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ দুজন খুন
পুলিশের চলমান সাঁড়াশি অভিযানের মধ্যেই রাজশাহীতে দুই যুবক খুন হয়েছেন। একজন বাগমারার হামিরকুৎসা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলতাফ হোসেন (৩৫), অন্যজন নগরের লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা আহসান হাবিব ওরফে আপেল (২৮)।
স্থানীয় একটি পুকুর থেকে গতকাল মঙ্গলবার সকালে আলতাফ হোসেনের গলা ও পায়ের রগকাটা লাশ উদ্ধার করে পুলিশ। আর আহসান হাবিবকে নিজের বাড়ি থেকে মাত্র ২০০ গজ দূরে চণ্ডীপুরের একটি বাড়ির বারান্দায় কুপিয়ে হত্যা করা হয়েছে।
আলতাফ হোসেনের আত্মীয়স্বজন বলেন, হামিরকুৎসা বাজারে তাঁর অলংকারের দোকান আছে। কয়েক মাস আগে চুরি হওয়ার পর থেকে তিনি দোকানের মালামাল ও টাকাপয়সা থলেতে করে প্রতি রাতে বাড়িতে নিয়ে আসতেন। দুর্বৃত্তরা হয়তো ওই টাকা ও স্বর্ণালংকার নিতেই তাঁকে খুন করেছে। তাঁরা বলেন, থলে ও টাকার কিছুই পাওয়া যায়নি।
স্ত্রী শিরিনা আক্তার বলেন, সোমবার রাতে আলতাফ দোকান বন্ধ করে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজনের সন্দেহ হয়। এ সময় তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। সারা রাত খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার সকালে গ্রামের একটি পুকুরে স্থানীয় লোকজন আলতাফের গলাকাটা লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়।
এ ঘটনায় পুলিশ একই গ্রামের বাসিন্দা যুবলীগের হামিরকুৎসা ইউনিয়ন শাখার সভাপতি শাহরেজা ইমনকে (৩২) আটক করেছে।
পুঠিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আসলাম উদ্দিন বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ইমনকে আটক করা হয়েছে।
রাজশাহী নগরের লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা আহসান হাবিব ওরফে আপেলকে নিজ বাড়ি থেকে ২০০ গজ দূরে চণ্ডীপুর এলাকার একটি বাড়ির বারান্দায় কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে তাঁর লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশ ওই বাড়ি থেকে রিকো (২৭) ও লেমন (২৫) নামে দুই ভাই এবং তাঁদের ফুফু লালমতিকে (৫০) আটক করেছে। তিনজনকেই সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে গতকাল আদালতে সোপর্দ করা হয়েছে। রিমান্ডের শুনানি হয়নি।
আহসান হাবিবের প্রতিবেশী আরিফের বাড়ি থেকে হত্যায় ব্যবহৃত রক্তমাখা অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
রাজশাহী নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তিনি বলেন, আহসান হাবিবের নামে রাজপাড়া থানায় পাঁচটি মামলা আছে। এসব মামলায় সে অনেকবার গ্রেপ্তার হয়েছে।