রাজশাহীতে হত্যার দায়ে স্বামীর ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক কে এম শহীদ আহম্মেদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৩২)। তিনি রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ হিন্দুপাড়া গ্রামের মোহাম্মদ আলী মেকারের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রফিকুল ইসলামের বাবা মোহাম্মদ আলী মেকার (৫০), মা শামসুন নাহার (৩৮), সৎমা আয়েশা সিদ্দিকা (৩৮) ও মামা রফিকুল ইসলাম মাস্টারকে (৪০) বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, রফিকুল ইসলামের সঙ্গে ২০০৬ সালে একই উপজেলার হামিরকুৎসা গ্রামের লুৎফর রহমানের মেয়ে শারমিন আক্তারের (২৩) বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে রফিকুল তাঁর স্ত্রীর ওপর নির্যাতন শুরু করেন। ২০০৭ সালের ৭ আগস্ট রাতে নির্যাতনের একপর্যায়ে তাঁকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়। তবে ঘটনা ধামাচাপা দিতে শারমিন আত্মহত্যা করেছেন বলে প্রচার করা হয়। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে বাগমারা থানায় হত্যা মামলা দায়ের করেন শারমিনের বাবা।

দীর্ঘ বিচারকাজে আদালত মোট ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন। এরপর গতকাল রায় ঘোষণা করা হলো। রায় ঘোষণার সময় সব আসামিই আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রফিকুলকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) ইসমত আরা বেগম। আসামিপক্ষে ছিলেন একরামুল হক ও আসাদুজ্জামান।