রাজশাহীতে হোটেল থেকে কর্মচারীর লাশ উদ্ধার

রাজশাহীর সাহেববাজার এলাকায় আল-হাসিব নামের এক হোটেল থেকে কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে এই লাশ উদ্ধারের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সিরাজুল ইসলাম (৪০)। তাঁর বাড়ি রাজশাহীর তানুর উপজেলায়। তিনি ১৭ বছর ধরে আল-হাসিব হোটেলে বয় হিসেবে কাজ করতেন।
হোটেলের ব্যবস্থাপক রিপন চৌধুরী জানান, আজ সকাল সাড়ে আটটার দিকে হোটেলে এসে দেখেন তাঁর কক্ষের তালা খোলা। ক্যাশ বাক্স খোলা। সেখানে ১ হাজার ৪০০ টাকা ছিল, তাও নেই। তিনি আরও জানান, রাতে তাঁর কক্ষের মেঝেতে ঘুমাতেন সিরাজুল। সকালে এসে তাঁকেও দেখতে পাননি। পরে তিনি নিচ থেকে আরেক ব্যক্তিকে ডেকে এনে সিরাজুলকে খুঁজতে থাকেন। ৪০২ নম্বর কক্ষে গিয়ে সিরাজুলের শার্ট ও প্যান্ট পড়ে থাকতে দেখেন। পরে ৪০৩ নম্বর কক্ষে এসে সিরাজুলকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা পুলিশকে খবর দেন।
পুলিশ জানায়, এই হত্যার কারণ সম্পর্কে এখুনি কিছু বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে, ৪০৩ নম্বর কক্ষের অতিথি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন। হোটেলের নিবন্ধন খাতায় ওই অতিথির বিস্তারিত তথ্যের পাতাটি ছেঁড়া পাওয়া গেছে।