রাজশাহীতে ৫৭টি ককটেল ও ২ কেজি গানপাউডার উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে ৫৭টি তাজা ককটেলসহ দুই কেজি গানপাউডার উদ্ধার করেছে র্যাব। গত শনিবার দিবাগত রাত একটার দিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সংলগ্ন (রুয়েট) রাস্তা থেকে এসব পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। র্যাবের ধারণা, হরতালে নাশকতা সৃষ্টির জন্য এগুলো মজুত রাখা হয়েছিল।
রাজশাহী র্যাব-৫-এর সিনিয়র এএসপি মির্জা গোলাম সারোয়ার জানান, র্যাব সদস্যরা গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাত একটার দিকে রুয়েটসংলগ্ন রাস্তার ওপরে গেলে সেখানে অবস্থানরত কিছু মানুষ দৌড়ে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে একটি ব্যাগে রাখা দুই কেজি গানপাউডার ও ৫৭টি তাজা ককটেল উদ্ধার করা হয়। তিনি জানান, হরতালে নাশকতা সৃষ্টির জন্য এগুলো মজুত রাখা হয়ে থাকতে পারে।