রাজশাহীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৫) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কাওসার আলী (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নগরের মতিহার থানার বুধপাড়া এলাকায় গত শনিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে। র্যাবের ভাষ্য, নিহত ব্যক্তি ডাকাত ছিলেন।
র্যাব-৫-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবু বকর সিদ্দিক বলেন, শনিবার রাতে র্যাবের একটি টহল দল নগরীর বুধপাড়া এলাকায় যায়। এ সময় কয়েকজন সন্ত্রাসী আমবাগান থেকে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে কাওসারকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত কাওসার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পিয়ারাপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে।
সহকারী পুলিশ সুপার আবু বকর সিদ্দিক আরও বলেন, ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় দুই র্যাব সদস্যও আহত হন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, চারটি গুলি, একটি ম্যাগাজিন, একটি ছোরা ও একটি বড় হাঁসুয়া উদ্ধার করা হয়েছে। কাওসার চাঁপাইনবাবগঞ্জের এক ডাকাত দলের সদস্য ছিলেন। তাঁর নামে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় চারটি মামলা আছে। এর মধ্যে দুটি হত্যা, একটি হত্যার চেষ্টা এবং অপরটি ডাকাতির।