রাজশাহীতে 'বন্দুকযুদ্ধে' গুলিবিদ্ধ 'মাদক ব্যবসায়ী'
রাজশাহীর চারঘাটে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. মানিক (৩০) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ বলছে, মানিক মাদক ব্যবসায়ী। তিনি উপজেলার নতুনপাড়া গ্রামের বাসিন্দা। গতকাল বুধবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার মুক্তারপুর এলাকায় এ ঘটনা ঘটে।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ফেনসিডিল চোরাচালানের খবর পেয়ে রাতে থানা-পুলিশের একটি দল মুক্তারপুর এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের কয়েক মিনিট গোলাগুলির পর কয়েকজন মাদক কারবারি পালিয়ে যান। আহত অবস্থায় পড়ে থাকেন মানিক। তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ হেফাজতেই তাঁর চিকিৎসা চলছে।
ঘটনাস্থল থেকে ম্যাগাজিন, একটি গুলিসহ একটি বিদেশি পিস্তল, একটি হাঁসুয়া ও ৫০ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ।
ওসি জানান, মানিকের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন থানায় ১৩টি মাদকের মামলা আছে। নতুন করে তাঁর বিরুদ্ধে আরও তিনটি মামলা করা হয়েছে। এর মধ্যে একটি মামলা পুলিশের ওপর হামলা এবং অন্য দুটি অস্ত্র ও ফেনসিডিল রাখার অভিযোগে।
এসব মামলায় অজ্ঞাতনামা চার-পাঁচজনকেও আসামি করা হয়েছে।