রাজশাহীতে 'বন্দুকযুদ্ধে' শিবির ক্যাডার আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জনি ইসলাম নামের এক যুবক আহত হয়েছেন। তাঁর বাঁ পায়ের হাঁটুর নিচে গুলি লাগে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে মহানগরের রাজপাড়া থানার তেরোখাদিয়া এলাকার ডাবতলায় এ ঘটনা ঘটে।

পুলিশ জনিকে শিবিরের ‘দুর্ধর্ষ ক্যাডার’ বলে দাবি করেছে। তিনি স্থানীয় ইসলামিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম জানান, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে বিনোদপুর বাজারে মহানগরের ৩০ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মেহেদী হাসান ওরফে ইয়ামিন ও রাজশাহী মহানগর ছাত্রলীগের সদস্য ইসতিয়াক আহাম্মদ ওরফে ইশাকে দুর্বৃত্তরা গুলি করে ও কুপিয়ে জখম করে। এরপর পুলিশ এ ঘটনায় অভিযান চালিয়ে ওই এলাকা থেকে রাত ১১টার দিকে শিবিরের ‘দুর্ধর্ষ ক্যাডার’ জনি ইসলামকে আটক করে। পরে তাঁকে মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাঁর সহযোগীদের ধরতে পুলিশ জনিকে নিয়ে অভিযানে বের হয়। রাত দুইটার দিকে রাজপাড়া থানার তেরোখাদিয়া এলাকার ডাবতলায় জনির সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে অন্তত আটটি ককটেল বিস্ফোরণ ঘটায় ও গুলি চালায়। পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায়। এ সময় জনি দৌড়ে পালাতে গেলে দুই পক্ষের গোলাগুলির মাঝে পড়ে আহত হন। পুলিশ তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করে।

মহানগর পুলিশের মুখপাত্র আরও জানান, ‘জনি ইসলাম শিবিরের দুর্ধর্ষ ক্যাডার।’ তাঁর নেতৃত্বেই বড় বড় হামলা ও নাশকতার ঘটনা ঘটে।