রাজশাহীতে 'বন্দুকযুদ্ধে' শিবির নেতা নিহত
রাজশাহীতে গতকাল মঙ্গলবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল ইসলাম ওরফে শাহীন (৪০) নামের একজন নিহত হয়েছেন। তাঁর বাড়ি নগরের বিনোদপুর এলাকায়। তিনি বিনোদপুরের ইসলামিয়া কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ছিলেন।
পুলিশের দাবি, নিহত নুরুল দুর্ধর্ষ জামায়াত-শিবির ক্যাডার। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।
তবে পরিবারের দাবি, নিহত নুরুল ইসলাম একজন কলেজশিক্ষক। তাঁকে ধরে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
আজ বুধবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন বলেন, নুরুল ইসলাম নগরের ৩০ নম্বর ওয়ার্ড শিবিরের সভাপতি ছিলেন। তিনি মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ওপর হামলার প্রধান আসামি ছিলেন। এ ছাড়া তিনি বিভিন্ন ধরনের নাশকতার ঘটনায় নেতৃত্ব দিয়েছেন। এসব ঘটনায় দায়ের করা ১৩টি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের দাবি, গতকাল রাত নয়টার দিকে নগরের মালোপাড়া এলাকা থেকে নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। রাত দুইটার দিকে তাঁকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধার ও তাঁর সহযোগীদের গ্রেপ্তার করার জন্য পুলিশ নগরের নলখোলা আশরাফের মোড় এলাকায় যায়। এ সময় সেখানে আগে থেকে ওত পেতে থাকা নুরুল ইসলামের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি ককটেল ও গুলি ছোড়ে। আত্মরক্ষা ও সরকারি জানমাল রক্ষার স্বার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় আসামি নুরুল ইসলাম দৌড়ে পালাতে গেলে উভয় পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে গুরুতর আহত হন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি রিভলবার, ১০টি ককটেল, পিস্তলের দুটি ও শটগানের তিনটি গুলি উদ্ধার করা হয়। এ সময় পুলিশের দুই কনস্টেবলও আহত হন। তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।
নুরুল ইসলামের বাবা আবদুর রহমানের দাবি, রাজশাহী নগরের হেতেমখাঁ এলাকায় নুরুল ইসলাম একটি ভাড়াবাড়িতে স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন। পাশেই মালোপাড়া এলাকায় ছেলের ‘পদ্মা প্রেস’ নামে একটি ছাপাখানা রয়েছে। সেখান থেকে গতকাল রাত নয়টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের পরিচয় দিয়ে তাঁর ছেলেকে ধরে নিয়ে যাওয়া হয়। রাতেই ছোট ছেলে হাবিবুর রহমান গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গিয়ে নুরুলের সঙ্গে দেখা করেছেন।
নিহত নুরুলের বাবার দাবি, নুরুলকে দেওয়ার জন্য খাবার নিয়ে গিয়েছিলেন তাঁর ছোট ভাই হাবিবুর। রাত ১১টা পর্যন্ত নুরুলের সঙ্গে মোবাইল ফোনে পরিবারের লোকদের কথা হয়েছে। তাঁর দাবি, তাঁর ছেলেকে ধরে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুলিশ আজ সকালে নগরের বিনোদপুর এলাকায় নুরুলের চাচা বুলবুলের হার্ডওয়্যারের দোকানে গিয়ে নুরুলের মৃত্যুর খবর জানিয়েছে।