রাজশাহীর রেলস্টেশনের তত্ত্বাবধায়ক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে রাজশাহী রেলস্টেশনের তত্ত্বাবধায়ক (সুপার) আবদুল করিমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় তিনি এই আদেশ হাতে পেয়েছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা ও রেলওয়ে সূত্রে জানা গেছে, এবার ঈদের আগে ও পরে রাজশাহীতে ট্রেনের টিকিট নিয়ে যাত্রীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়। ভোর থেকে লাইনে দাঁড়িয়েও যাত্রীরা টিকিট পাচ্ছিলেন না। আবার অনলাইনে টিকিট কাটতে গিয়ে সার্ভারে ঠিকমতো ঢুকতে পারছিলেন না। আবার যখন ঢোকা যাচ্ছে তখন টিকিট পাওয়া যাচ্ছে না।
অভিযোগ রয়েছে, অন্যভাবে এই টিকিট সরবরাহ হচ্ছে। এ নিয়ে গত মঙ্গলবার ‘রাজশাহী ট্রেনের টিকিটের জন্য যাত্রীদের হাহাকার’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়। অন্যান্য পত্রিকায়ও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে গতকাল সন্ধ্যায় রেলওয়ের মহাপরিচালক রাজশাহীর স্টেশন তত্ত্বাবধায়ক আবদুল করিমকে বরখাস্ত করেন।
এ বিষয়ে স্টেশন তত্ত্বাবধায়কের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাঁর ফোন বন্ধ পাওয়া গেছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্টেশনের কয়েকজন কর্মচারী জানিয়েছেন, মহাপরিচালকের একজন আত্মীয়কে টিকিট দেওয়া হয়নি। এমন অভিযোগের কারণে তাঁকে বরখাস্ত করা হয়েছে।