রাজশাহীর শরীফুলই ভারতে আলোচিত সুলেমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে আবু সুলেমানকে খুঁজছে, তাঁর প্রকৃত নাম শরীফুল ইসলাম ওরফে খালিদ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলার পলাতক আসামি।
ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাত দিয়ে ওই দেশের গণমাধ্যম বলছে, এই সুলেমান (ছদ্মনাম) গত ৬ জুলাই বর্ধমান রেলস্টেশন থেকে গ্রেপ্তার হওয়া আইএস জঙ্গি মো. মসিউদ্দীন ওরফে মুসার গুরু। ১৫ আগস্ট বাংলাদেশ থেকে পুলিশের তিন সদস্যের একটি দল কলকাতায় গিয়ে ওই মুসাকে জিজ্ঞাসাবাদ করে এবং ছবি দেখিয়ে নিশ্চিত হয়, সুলেমানই রাজশাহীর শরীফুল। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র। পরিবারের দাবি, বছর খানেক ধরে শরীফুল নিরুদ্দেশ।
ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের প্রধান মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পুলিশ সদর দপ্তর, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম এবং রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রতিনিধিরা ভারতে গিয়ে মো. মসিউদ্দীন মুসাকে জিজ্ঞাসাবাদ করেছে। মুসা বলেছেন, বাংলাদেশের জঙ্গিরা তাঁকে র্যাডিকালাইজ করেছে।’ তিনি বলেন, মুসাকে জিজ্ঞাসাবাদ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম হত্যার বিষয়ে বেশ কিছু তথ্য পাওয়া গেছে।
পশ্চিমবঙ্গের বর্ধমান রেলস্টেশন থেকে মুসাকে বর্ধমান পুলিশ গ্রেপ্তার করে। বাংলাদেশের পুলিশ বলছে, তাঁরা জেনেছেন, মুসার জন্ম বীরভূমে হলেও বড় হন তামিলনাড়ুর তিরুপুরে। উচ্চমাধ্যমিক পাসের পর আর লেখাপড়া করেননি। তিরুপুরেই একটি মুদি দোকান দিয়েছিলেন। চেন্নাই থেকে ট্রেনে করে হাওড়ায় আসার পথে বর্ধমানে আইএস জঙ্গি সন্দেহে মুসা আটক হন।
বাংলাদেশের পুলিশের প্রতিনিধিদলটি কলকাতায় গত সপ্তাহে ভারতের জাতীয় গোয়েন্দা (এনআইএ) কার্যালয়ে মুসাকে জেরা করে। ওই প্রতিনিধিদলের একজন কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে মুসা বলেছেন, বাংলাদেশের ‘নব্য জেএমবি’র সদস্যরা তাঁকে উগ্রবাদের দীক্ষা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামিক স্টেট, বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্মে যোগ দেন। তখন থেকেই বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে তাঁর যোগাযোগ।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, জিজ্ঞাসাবাদে মুসা আরও বলেছেন, ২০১৪ সালে বর্ধমানের খাগড়াগড়ের জঙ্গি আস্তানায় বিস্ফোরণের ঘটনায় যেসব বাংলাদেশি জঙ্গির নাম এসেছে, তাদের কারও কারও সঙ্গে মুসার যোগাযোগ ছিল। বাংলাদেশের জেএমবি সদস্যরা মুসাকে ওই দেশে হামলা করার জন্য কিছু লক্ষ্যবস্তু ঠিক করে দিয়েছিল। এর মধ্যে শ্রীনগরে বিদেশি নাগরিক হত্যার টার্গেট ধরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু মুসা তাতে ব্যর্থ হন। পরে তাঁকে কলকাতায় হামলার দায়িত্ব দেওয়া হয়। তার আগেই তিনি ধরা পড়ে যান।
জিজ্ঞাসাবাদে মুসা বাংলাদেশের পুলিশকে বলেছেন, বাংলাদেশি জঙ্গিদের মধ্যে তাঁর সবচেয়ে বেশি ঘনিষ্ঠতা আবু সুলেমানের সঙ্গে। মুসার দাবি, এই সুলেমান আইএসের অনলাইন নিজস্ব সাময়িকী দাবিক-এর বিভিন্ন সংখ্যায় যেসব প্রতিবেদন ছাপা হতো, তার অনুবাদও প্রচার করতেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বাংলাদেশের পুলিশ তাঁকে বেশ কিছু ছবি দেখান। সেখান থেকেই রাজশাহীর শরীফুল ইসলামকে শনাক্ত করেন মুসা।
ভারতের কিছু সংবাদমাধ্যম আবু সুলেমানকে গুলশান ও শোলাকিয়ার ঈদের জামায়াতে হামলার প্রধান পরিকল্পনাকারী বলে উল্লেখ করছিল। তবে বাংলাদেশের পুলিশ নিশ্চিত হয়েছে, এই সুলেমান আসলে শিক্ষক রেজাউল হত্যার আসামি শরীফুল। যাঁকে ধরিয়ে দিতে এর আগে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল রাজশাহী পুলিশ।
পুলিশ সদর দপ্তর ও রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, তাঁরা তথ্য পেয়েছেন, অধ্যাপক রেজাউলকে হত্যার পর শরীফুল নিজের পাসপোর্ট নিয়েই ভারতে পালিয়ে গেছেন।
রেজাউল হত্যা মামলায় গ্রেপ্তার আসামি মাসকাওয়াত হাসান সাকিব ওরফে আবদুল্লাহ এর আগে আদালতে দেওয়া জবানবন্দিতে বলেন, শিক্ষক রেজাউলকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন শরীফুল। শরীফুলের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর গ্রামে। তাঁর বাবার নাম আবদুল হাকিম। তিনি যখন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন, তখন শিক্ষক রেজাউল ছিলেন তাঁর স্থানীয় অভিভাবক।
(প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন রাজশাহীতে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ)