রাজশাহীর হড়গ্রামে চলছে 'ব্লক রেইড'

রাজশাহীর হড়গ্রাম পূর্বপাড়া এলাকা ঘিরে রেখেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকেই এই এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। পুলিশ বলছে, ‘ব্লক রেইড’ দেওয়া হচ্ছে। এ অভিযানে রাজশাহী মহানগরের পুলিশ, গোয়েন্দা পুলিশ ও পুলিশ লাইনের সদস্যরা অংশ নিয়েছেন।
সকালে অভিযান শুরুর পর থেকে এই এলাকায় বাইরের কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এলাকার সব কটি প্রবেশমুখ পুলিশ ঘিরে রেখেছে। ফলে অভিযান শুরুর আগে যাঁরা বাইরে গিয়েছিলেন, তাঁরা আর এলাকায় ঢুকতে পারছেন না। কাউকে এলাকা ছেড়ে বাইরেও যেতে দেওয়া হচ্ছে না।

রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) এ কে এম নাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে সব সময় রাতে ব্লক রেইড দেওয়া হয়। তবে এবার দিনের বেলায় ‘ব্লক রেইড’ পরিচালনা করছেন তাঁরা।
জঙ্গি আস্তানা সন্দেহে এই রেইড দেওয়া হচ্ছে কি না, জানতে চাইলে নাহিদুল ইসলাম বলেন, এ রকম কিছুর সন্দেহে এ অভিযান নয়। এটা তাঁদের নিয়মিত অভিযানের অংশ।
বেলা আড়াইটার দিকে রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সুব্রত পাল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে এলাকা পরিদর্শন করেন।

কিছু পাওয়া গেছে কি না, জানতে চাইলে রুমন দে প্রথম আলোকে বলেন, প্রশাসনের ঊর্ধ্বতন মহল থেকে জেলা প্রশাসনের কাছে তথ্য চাইতে পারে। এ জন্যই তাঁরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন। বেলা আড়াইটার দিকে তাঁরা সেখানে যান। কিছুক্ষণ পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলে এসেছেন। আড়াইটা পর্যন্ত অভিযানে কিছুই পাওয়া যায়নি বলে জানান তিনি। অভিযান কতক্ষণ চলবে, সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।
এদিকে জঙ্গি আস্তানা সন্দেহে পুলিশ এলাকা ঘিরে রেখেছে—এ খবর চারদিকে ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।