রাজশাহীর 'অপহৃত' আওয়ামী লীগ নেতা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদকে (৫০) গত শনিবার দুপুরে উদ্ধারের দাবি করেছে পুলিশ। পুলিশ বলছে, তাঁকে অপহরণের ঘটনা ছিল প্রতিপক্ষকে ফাঁসাতে সাজানো নাটক।

গত বুধবার রাতে আবুল কালাম আজাদকে বণিক সমিতির কার্যালয় থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয় বলে পরিবার থেকে অভিযোগ করা হয়। তাঁর ছোট ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া আবু সাঈদ বুধবার রাতে এ ব্যাপারে পুঠিয়া থানায় অপহরণের অভিযোগে মামলা করেন।

পুলিশ বলছে, আজাদকে কেউ অপহরণ করেনি। তিনি নিজেই গাড়িতে উঠে নাটোরের তোকিয়ায় গিয়েছিলেন। শনিবার আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তিনি তা স্বীকার করেছেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান গতকাল বলেন, অপহরণের অভিযোগে মামলার পর তাঁরা অভিযান শুরু করেন। যে গাড়িটি আবুল কালাম আজাদকে নিয়ে নাটোরের দিকে গিয়েছিল, তাঁরা নাটোর থেকে সেই গাড়ির চালক বিপ্লবকে আটক করেন। বিপ্লব অপহরণ নাটকের বিষয়টি পুলিশকে নিশ্চিত করে বলেন, নাটোরের তোকিয়ায় আবুল কালাম আজাদ গাড়ি থেকে নেমে যান। আজাদের ভগ্নিপতি আবদুল মালেকের নামে গাড়ি ভাড়া করা হয়েছিল। আজাদ মালেকের বাড়িতেই লুকিয়ে ছিলেন। শনিবার (ঈদের দিন) দুপুর ১২টার দিকে অন্য একটি মাইক্রোবাসে বাড়ি ফেরার সময় পুঠিয়ার বিড়ালদহ এলাকায় আজাদকে আটক করা হয়। 

ওসি বলেন, আজাদের নামে মারামারির দুটি মামলা ছিল। ওই দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবারই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, প্রতিপক্ষকে ফাঁসানোর জন্যই আজাদ অপহরণের নাটক সাজিয়েছিলেন।

কে প্রতিপক্ষ জানতে চাইলে ওসি বলেন, ‘আপনারাই তো ভালো অনুসন্ধান করেন। অনুসন্ধান করলেই জানতে পারবেন।’

এ ব্যাপারে অপহরণ মামলার বাদী ও আজাদের ছেলে আবু সাঈদ বলেন, বাবাকে জীবিত দেখতে পেয়েছেন, এটাই তাঁদের পরিবারের কাছে বড় পাওয়া। তিনি তাঁর বাবার সঙ্গে কথা বলতে পারেননি। এ জন্য আর কিছু বলতে পারছেন না। তবে গাড়ির যে চালককে আটক করার কথা বলা হচ্ছে, প্রত্যক্ষদর্শীরা বলছেন, বুধবার রাতে যে গাড়িটিতে করে আজাদকে নিয়ে যাওয়া হয়েছিল এই চালক সেই চালক নন।

পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান বলেন, আওয়ামী লীগ নেতা আজাদের ভগ্নিপতি মালেক পরিকল্পিতভাবে লিটন (২৮) নামের এক ব্যক্তিকে গাড়ি ভাড়া করে আজাদকে নিয়ে আসতে পাঠিয়েছিলেন। সেই লিটনকে গতকাল সোমবার তাঁরা পেয়েছেন। লিটন পুলিশের কাছে স্বীকার করেছেন, মালেক তাঁকে বলেছিলেন গাড়ি নিয়ে গিয়ে তাঁর (লিটন) নাম বললেই আজাদ তাঁর সঙ্গে চলে আসবেন। লিটন ও গাড়ির চালক বিপ্লবকে এ ঘটনার সাক্ষী করা হয়েছে। এই অপহরণ নাটকে ব্যবহৃত গাড়িটি তাঁরা জব্দ করেছেন। সেটা আপাতত পুলিশের হেফাজতে থাকবে।