রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে মামলা, প্রতিবাদে ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে কর ফাঁকি দিয়ে আনা দেড় কোটি টাকার পান জব্দ করার ঘটনায় দুই রাজস্ব কর্মকর্তাসহ আমদানিকারক প্রতিষ্ঠান ও সিঅ্যান্ডএফ এজেন্টের নামে মামলা হয়েছে। গত শুক্রবার ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার সিরাজুল ইসলাম এ মামলা করেন।
পান জব্দ ও মামলা করার প্রতিবাদে ভোমরা কাস্টমস, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন ও কর্মচারী অ্যাসোসিয়েশন যৌথভাবে গতকাল শনিবার সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত বন্দরে ধর্মঘট পালন করেছে। আজ রোববার এ নিয়ে তারা সংবাদ সম্মেলন করবেন।
মামলার আসামিরা হলেন ভোমরা বন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা মাসুদ রানা ও আরিফ হোসেন, আমদানিকারক প্রতিষ্ঠান সুমাইয়া এন্টারপ্রাইজ ও আশিক এন্টারপ্রাইজ, সিঅ্যান্ডএফ এজেন্ট আলেয়া এন্টারপ্রাইজ ও সুন্দরবন এন্টারপ্রাইজ।
বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরমান হোসেন বলেন, ভারত থেকে আমদানি করা ১১টি ট্রাকভর্তি পান বন্দর দিয়ে ঢাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। বৃহস্পতিবার রাত আটটার দিকে পানসহ ট্রাকগুলো আটক করা হয়। ট্রাকের সঙ্গে থাকা কাগজপত্রে পানের ওজন ৩২ হাজার ৮৫০ কেজি দেখানো হয়। কিন্তু ওজন করে ট্রাকে ৬৬ হাজার ৩০০ কেজি পান পাওয়া যায়। ওজন কম দেখিয়ে প্রায় পাঁচ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে বন্দরের দুজন ব্যবসায়ী বলেন, ভারত থেকে সুন্দরবন ট্রেডিং এজেন্সি নামের কোম্পানির সিঅ্যান্ডএফ এজেন্ট মোস্তফা কামাল এক ট্রাকে ৩ হাজার ৪০০ কেজি পানের স্থলে ১ হাজার ৩৬০ কেজির রাজস্ব জমা দিয়ে কাস্টমস থেকে ছাড় করিয়ে নেন। এসব পানের আমদানিকারক সাতক্ষীরার আশিক এন্টারপ্রাইজের মালিক আল ফেরদৌস। একইভাবে আলেয়া এন্টারপ্রাইজের নামের সিঅ্যান্ডএফ এজেন্ট আলেয়া খাতুনের পক্ষে তাঁর ছেলে খালিদ হাসান ১০টি ট্রাকে ৬২ হাজার ৯০০ কেজির স্থলে ৩১ হাজার ৪৯০ কেজির রাজস্ব কাস্টমসে জমা দিয়ে ছাড় করিয়ে নেন। এসব পানের আমদানিকারক সাতক্ষীরার সুমাইয়া এন্টারপ্রাইজের মালিক আবদুস সবুর।
আলেয়া এন্টারপ্রাইজের খালিদ হাসান বলেন, বিজিবি ১০টি ট্রাকে ৬২ হাজার ৯০০ কেজি পানের কথা বললেও ঝুড়ি বাদ দিয়ে এর ওজন ৪৩ হাজার কেজির বেশি নয়। প্রথম অবস্থায় ৩১ হাজার ৪৯০ কেজির রাজস্ব জমা দিলেও পরে অতিরিক্ত ১ হাজার ২০০ কেজি পানের রাজস্ব জমা দিয়েছেন। কাস্টমস আইন অনুয়ায়ী তাঁদের পণ্য বৈধ। বিজিবি বেআইনিভাবে তাঁদের পান জব্দ করেছে।
আশিক এন্টারপ্রাইজের মালিক আল ফেরদৌস বলেন, বিজিবি ৩ হাজার ৪০০ কেজির কথা বললেও ঝুড়ি বাদ দিয়ে তাঁর পানের নিট ওজন ২ হাজার ৭০০ কেজি। রাজস্ব ফাঁকি না দিয়ে তিনি বৈধভাবে পান আমদানি করেছেন।