রাজস্ব ফাঁকির অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুল্কমুক্ত সুবিধায় ৪৬ কোটি টাকার কাঁচামাল আমদানি করেছিল চট্টগ্রামের হাটহাজারীর ফতেয়াবাদের লিবার্টি এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। রপ্তানির শর্তে এই সুবিধা নিলেও তারা সব কাঁচামালই বিক্রি করে দিয়েছে খোলাবাজারে। এভাবে প্রায় ১১ কোটি টাকার শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে। এই অভিযোগে গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে চট্টগ্রাম বন্ড কমিশনারেটে বিভাগীয় মামলা করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক জাকির হোসেন প্রথম আলোকে বলেন, প্রতিষ্ঠানটি গার্মেন্টস অ্যাকসেসরিজ তৈরির জন্য শুল্কমুক্ত সুবিধা নিয়ে কাঁচামাল আমদানি করলেও রপ্তানি করেনি।

শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, লিবার্টি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মো. ইলিয়াছ। একই মালিকের সানরাইজ অ্যাকসেসরিজ নামের আরেকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে গত সোমবার বন্ড কমিশনারেটে বিভাগীয় মামলা করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সানরাইজ অ্যাকসেসরিজের বিরুদ্ধে ১ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ আনা হয়।