রাজাপুরে গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য, স্বামী-শ্বশুর পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নে পলি আক্তার (১৯) নামের এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। তিনি সদর উপজেলার আমিনবাড়ি গ্রামের মো. আবুল কালামের মেয়ে। গত বুধবার রাতে উত্তর সাংগল গ্রামে এ ঘটনা ঘটে।
গৃহবধূর পরিবারের দাবি, তাঁর স্বামী তাঁকে গলা টিপে হত্যা করেছেন। ঘটনার পর থেকে তাঁর স্বামী ও শ্বশুর পলাতক। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মেয়েটির শাশুড়িকে আটক করেছে।
গৃহবধূর পরিবার সূত্রে জানা যায়, ১০ মাস আগে শুক্তাগড় ইউনিয়নের উত্তর সাংগল গ্রামের হালিম মৌলভির ছেলে মিঠু মৌলভির সঙ্গে পলি আক্তারের সম্পর্ক হয়। একপর্যায়ে তাঁরা পালিয়ে বিয়ে করেন। পরে উভয়ের পরিবার সামাজিকভাবে তাঁদের বিয়ে মেনে নেয়। সেই থেকে মেয়েটি বাবার বাড়িতেই থাকতেন। সম্প্রতি পলি আক্তারের পরিবার মিঠুর পরিবারকে আনুষ্ঠানিকভাবে তুলে নিতে বললে দুই লাখ টাকা যৌতুক দাবি করে তারা। ৬ জুন পলিকে বেড়ানোর কথা বলে মিঠু তাঁদের বাড়িতে নিয়ে যান। তার এক দিন পর এ ঘটনা ঘটে।
এ বিষয়ে মেয়েটির বাবা আবুল কালাম বলেন, ‘বুধবার রাতে সাহ্রির সময় মেয়ের শ্বশুরবাড়ি থেকে মুঠোফোনে জানায় পলি অসুস্থ। কোনো যানবাহন না পাওয়ায় ওখানে পৌঁছাতে সকাল হয়ে যায়। সেখানে গিয়ে দেখি আমার মেয়ের লাশ একটি চাদর দিয়ে ঢাকা। পলির স্বামী ও শ্বশুর পালিয়েছে। মেয়ের শাশুড়ি বলে আপনার মেয়ে আত্মহত্যা করেছে। আমার মেয়েজামাই মিঠু মাদকাসক্ত। সে আমার মেয়েকে গলাটিপে হত্যা করেছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক পলি আক্তারের শ্বশুরবাড়ির এক প্রতিবেশী জানান, রাতের বেলা মিঠু রড দিয়ে মেয়েটিকে মারধর করেন। যে জানালার সঙ্গে মেয়েটি আত্মহত্যা করেছেন বলে দাবি করা হয়, সেখানে কোনো মানুষের দাঁড়ানো সম্ভব নয়।
এ ব্যাপারে রাজাপুর থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মেয়েটির শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।