রাজাবাজারে সাবেক বিমানবালার লাশ উদ্ধার
রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকার একটি বাসা থেকে আজ মঙ্গলবার এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর হুমায়রা জাহান (৩৫)। তিনি কাতার এয়ারওয়েজের সাবেক বিমানবালা।
পুলিশ জানায়, পশ্চিম রাজাবাজারের ৪৪/এইচ নম্বরের ছয়তলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে থাকতেন হুমায়রা। স্বামীর সঙ্গে ২০০৮ সালে বিচ্ছেদের পর একাই ওই ফ্ল্যাটে থাকতেন তিনি। তাঁর কোনো সন্তান ছিল না। একই ভবনের নিচতলায় হুমায়রার মা–বাবা বসবাস করতেন। মেয়ের ফ্ল্যাটের প্রধান ফটক দীর্ঘ সময় বন্ধ ছিল। ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হলে আজ সকালে দরজা ভাঙা হয়। হুমায়রার শয়নকক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) সাব্বির আহমেদ প্রথম আলোকে বলেন, হুমায়রার লাশে পচন ধরে দুর্গন্ধ বের হয়। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। এ কারণে ধারণা করা হচ্ছে, এক-দুদিন আগে তাঁর মৃত্যু হয়েছে। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে হুমায়রার মৃত্যুর কারণ জানা যাবে।